উইন্ডোজ ফোন এইটের জন্য নতুন স্কাইপ অ্যাপ্লিকেশন

(প্রিয় টেক) গত সপ্তাহে মাইক্রোসফট উইন্ডোজ এইটের জন্য স্কাইপ এর নতুন একটি সংস্করণ বের করে। এবার উইন্ডোজ ফোন এইট মুক্তি উপলক্ষে মাইক্রোসফট স্কাইপের নতুন একটি সংস্করণ বের করার কথা ঘোষণা দিল।

উইন্ডোজ এইটের মত এই অ্যাপটিও ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এবং নিয়মিত পুশ নোটিফিকেশন পাঠাবে। এছাড়া উইন্ডোজ ফোন এইট এর টাইল আকৃতি তিন ধরণের হওয়ায়, স্কাইপ টাইলটিকে আপনি ছোট, মাঝারি অথবা বড় যে কোন আকৃতিতে রাখতে পারেন। অবশ্য সবচেয়ে বড় টাইলটি নির্বাচন করলে আপনি সর্বশেষ বার্তাটি দেখতে পারবেন। অন্যান্য টাইলগুলো শুধু কয়টি বার্তা পেয়েছেন সেই সংখ্যাটি জানাবে।

মোবাইল স্ক্রিনের আকৃতি ছোট হওয়া স্বত্বেও অন্যান্য সকল সুবিধা উইন্ডোজ এইট অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ করেই তৈরি করা হয়েছে। রয়েছে ফেভারিট তালিকা, একাধিক আইএম কথোপকথনের মধ্যে টোগল করার জন্য শর্টকাট সুবিধা এদের মধ্যে অন্যতম। এছাড়া পিপল হাবের সাথে গভীরভাবে সমন্বিত থাকায় স্কাইপের কন্টাক্টগুলো ফোনের কন্টাক্ট তালিকায় এবং স্কাইপ কল অন্যান্য যে কোন সাধারণ কলের মত দেখাবে। রয়েছে অসংখ্য ইমোটিকন্স, গ্রুপ চ্যাট এবং চ্যাটের বিষয় পরিবর্তন এর সুবিধা।
অ্যাপটি কবে থেকে ডাউনলোড করা যাবে সে ব্যাপারে কোন তথ্য মাইক্রোসফট এখনো জানায় নি।













