ইন্টারনেট এক্সপ্লোরার ১০ উপলক্ষ্যে মজিলা ফায়ারফক্স টিম মাইক্রোসফটকে পাঠালো কেক!

A.I.Sajib's picture

(প্রিয় টেক) মাইক্রোসফটের আলোচিত-সমালোচিত ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার ১০ অবশেষে বের হয়েছে। অন্ততপক্ষে মাইক্রোসফট উইন্ডোজ ৮ সংস্করণ যারা কিনে ফেলেছেন, তারা ডিফল্ট ব্রাউজার হিসেবেই পেয়ে যাচ্ছেন ইন্টারনেট এক্সপ্লোরারের ১০ম সংস্করণ। আর এই নতুন সংস্করণ উপলক্ষে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার টিমকে বিরাট এক কেক পাঠালো মজিলা ফায়ারফক্সের ডেভেলপমেন্ট টিম।

তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। পিসি ম্যাগাজিন জানিয়েছে, এই দুই ব্রাউজার টিমের মধ্যে "কেক চালাচালির" ঘটনা অনেকদিনের ঐতিহ্য। যখনই মজিলার ফায়ারফক্স টিম তাদের ব্রাউজারের মেজর কোনো সংস্করণ তৈরি করে অবমুক্ত করে, তখন মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এর ডেভেলপমেন্ট টিম পাঠিয়ে দেয় মজিলার ঘরে এক বিশাল কেক। আর তারা সেই কেকের উপরে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের লোগো এঁকে দিতেও ভুল করে না!


কেকটি মাইক্রোসফটের টিমের কাছে তুলে দেন ম্যাট ব্রুবেক এবং ইটান আইজ্যাকসন (ফায়ারফক্সের হুডি পরিহিত)

অবশ্য মজিলা যখন গুগল ক্রোমের দেখাদেখি কয়েক সপ্তাহ পরপরই নতুন সংস্করণ মুক্তি দিতে শুরু করলো, তখন মাইক্রোসফট-মজিলার এই কেক চালাচালির ঐতিহ্যে কিছুটা পরিবর্তন আসে। আগে যেখানে ন্যূনতম এক বছর বা ছয় মাস পর মজিলা ব্রাউজারের নতুন সংস্করণ বেরুতো, এখন তার বদলে কয়েক সপ্তাহ পরপরই বিভিন্ন আপডেট রিলিজ করে চলেছে মজিলা। এই যখন অবস্থা তখন, ফায়ারফক্সের ইঞ্জিনিয়ার ম্যাট ব্রুবেক জানান, ইন্টারনেট এক্সপ্লোরার টিম এখন পূর্ণাকার কেকের বদলে কাপ কেক পাঠানো শুরু করেছে - হয়তো অতিরিক্ত কেক খেয়ে মোজিলার ডেভেলপারেরা সব যেন ডায়াবেটিক রোগে আক্রান্ত না হয়ে যায় সে জন্য মাইক্রোসফট কর্মীরা তাদের নীতিতে একটু পরিবর্তন আনে!

গুগল ক্রোমের পদাঙ্ক অনুসরণ করে মজিলা দ্রুত আপডেট দেয়া শুরু করলেও মাইক্রোসফট রয়ে গেছে তাদের রুটিনেই। আর তাই ইন্টারনেট এক্সপ্লোরার ৯ আসার একটা লম্বা সময় পর এবার ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এলো।

আর এতেই পুরনো সেই ঐতিহ্য ধরে রাখতে মজিলা টিম তাদের শুভেচ্ছা পাঠিয়ে দিলো মাইক্রোসফটের ঘরে!

ইন্টারনেট এক্সপ্লোরার টিম কেক পেয়ে ফায়ারফক্স টিমকে ধন্যবাদ দিতে ভুল করেনি। আইই টিম টুইটারের মাধ্যমে জানায়, "কেকের মাধ্যমে #আইই১০ উন্মোচন উৎযাপন করার সুযোগ প্রদানের জন্য ধন্যবাদ @ফায়ারফক্স! আমরা #উইন্ডোজ ৮ সমর্থক ফায়ারফক্সের নতুন সংস্করণের জন্য অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছি।"