ইন্টারনেট রেডিও সেবা আনতে পারে অ্যাপল

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অ্যাপল সম্ভবত ২০১৩ সালের শুরুর দিকেই ইন্টারনেট রেডিও সেবা চালু করতে পারে। সূত্রমতে, অ্যাপল ইতোমধ্যেই একাধিক পার্টনারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। আর তাদের লক্ষ্য হলো আরেক জনপ্রিয় সেবা প্যান্ডোরাকে "দেখে নেয়া।"

ব্লুমবার্গ আরও জানিয়েছে, অ্যাপল বেশ কিছু প্রথম শ্রেণীর মিউজিক লেবেলের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, ওয়ার্নার মিউজিক গ্রুপ, সনি করপোরেশন মিউজিক গ্রুপ ইত্যাদি। অ্যাপলের এই ইন্টারনেট রেডিওর পরিকল্পনায় রয়েছে রেডিওতে শোনার সময়ই সেই গানটি কেনার ব্যবস্থা বা কোন কোন গান একজন ব্যবহারকারী শুনছেন সেগুলোর একটি তালিকা পরবর্তীতে দেখার সুবিধা দেয়া।

রেকর্ড কোম্পানিগুলোর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলেই সূত্র ইঙ্গিত দিয়েছে। নভেম্বরের মাঝামাঝিই অ্যাপলের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আর সামনের বছরের প্রথম তিনমাসের মধ্যেই চালু হয়ে যেতে পারে অ্যাপলের ইন্টারনেট রেডিও।