গুগল তাদের স্ট্রিট ভিউ ক্যামেরা নিয়ে চললো দি গ্র্যান্ড ক্যানিয়নে

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি গুগল জানিয়েছে, তারা ট্রেকার নামে একটি বিশেষ স্ট্রিট ভিউ ক্যামেরা তৈরি করেছে যা দি গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরের ছবি ধারণের জন্য কাজে লাগানো হচ্ছে। এই ম্যাপ তৈরি হবার পর গ্র্যান্ড ক্যানিয়নের বিপদজনক ট্রেইল হিসেবে পরিচিত ব্রাইট অ্যাঞ্জেল ট্রেইলটি আপনি ঘরে বসে কোন ঝামেলা ছাড়াই পাড়ি দিতে অথবা কলোরাডো নদীর পাদদেশে হেটে বেড়াতে পারবেন।

গুগলের স্ট্রিট ভিউ সেবার মাধ্যমে মানুষ ঘরে বসেই বিশ্বের বিভিন্ন স্থাপনা ও কয়েকটি দেশের যে কোনো মহাসড়কের ছবি দেখার সুযোগ পান। স্ট্রিট ভিউ সেবার বিশেষ কিছু গাড়িতে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে এমন ক্যামেরা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অলিগলির ছবি তোলা হয়েছে।


ব্রাইট অ্যাঞ্জেল ট্রেইলটি সবচেয়ে বিপদজনক ট্রেইল হিসেবে
পরিচিত। প্রতি বছর এ পথ থেকে ২০০ জনকে উদ্ধার
করতে হয়

কিন্তু শুধু রাস্তা ঘাটের ছবি তুলে খুশী নয় প্রতিষ্ঠানটি। আর তাই বিভিন্ন স্থাপনা, বিদ্যালয় ক্যাম্পাস, আমাজন নদীর, এবং অ্যান্টার্কটিকার ছবিও প্রকাশিত হয়েছে। এ বছরের শুরুতে সুইজারল্যান্ডে প্রতিষ্ঠানটি তার স্ট্রিট ভিউ ক্যামেরা ট্রেনেও উঠিয়ে দেয়।

এরই অংশ হিসেবে গ্র্যান্ড ক্যানিয়নে অবস্থিত ন্যাশনাল পার্কের হাইকিং ট্রেইলগুলোকে মানচিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু হাইকিং ট্রেইলেতো আর গাড়ি ঢোকানো সম্ভব নয়, আর তাই বেছে নেয়া হয়েছে ট্রেকার নামক বিশেষ ক্যামেরা। তবে ট্রেকার নামের এই ক্যামেরাটি আকারে বেশ ছোট। এটি ব্যাকপ্যাকের সঙ্গে লাগানো থাকবে যা কিছুক্ষণ পর পর ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলবে। ট্রেকারের মাধ্যমে ছবি তোলার প্রচেষ্টা এটাই প্রথম বলে উল্লেখ করেছে গুগল।

অর্থাৎ গুগলকে এবার পুরোপুরি মানুষের উপর নির্ভর করেই ছবি তোলার কাজটি সারতে হচ্ছে। তবে এসব ছবি প্রক্রিয়াকরণ শেষে কবে নাগাদ গুগল ম্যাপসে পৌঁছবে সে সম্পর্কে কোন কিছু জানায়নি গুগল।

গাড়ি চালকদের দিক নির্দেশনা দেবার জন্য প্রাথমিক ভাবে গুগল ম্যাপস সেবাটি চালু করা হলেও আজ এই সেবা ব্যবহার করে ঘরে বসেই বিশ্ব ভ্রমণের স্বাদ মেটাতে পারছে বিশ্ববাসী। আর এরই ধারাবাহিকতায় এবার গ্র্যান্ড ক্যানিয়নে যাত্রা শুরু করলো কোম্পানিটি।