মাইক্রোসফটের হয়ে কাজ করতাম - মার্ক জুকারবার্গ

PriyoTech's picture

(প্রিয় টেক) ফেসবুক জনপ্রিয় না হলে মাইক্রোসফট এ কাজ করতেন মার্ক জুকারবার্গ! ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক তৈরি করেন মার্ক জুকারবার্গ। কিন্তু এই ফেসবুক যদি না থাকত বা জনপ্রিয় না হত তাহলে তিনি কি করতেন? সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সম্মেলন চলাকালীন সময়ে নেয়া এক সাক্ষাতকারে এই প্রশ্নের জবাব দেন তিনি।

"সম্ভবত পেশা হিসেবে প্রকৌশলকে বেছে নিতাম। মাইক্রোসফটের ব্যাপারে আমার প্রচণ্ড শ্রদ্ধাবোধ রয়েছে। হার্ভার্ড থেকে অনেকেই মাইক্রোসফটে কাজ নিয়েছে।"

অবশ্য ফেসবুক প্রতিষ্ঠার অনেক আগে থেকেই মাইক্রোসফটের নজরে ছিলেন জুকারবার্গ। ২০০২ সালে জুকারবার্গের লেখা 'সিনাপস' নামক একটি প্রোগ্রাম ক্রয় করার চেষ্টা করে মাইক্রোসফট। এই সফটওয়্যার ব্যবহারকারীর শোনার অভ্যাস লক্ষ্য করে এবং আগে থেকে কি শুনতে চায় তা অনুধাবন করার চেষ্টা করে। এই সময় মার্ককে মাইক্রোসফটের সাথে যোগ দেবার অনুরোধ করা হয়। কিন্তু জুকারবার্গ এ সময় হার্ভার্ড এ পড়াশোনা করার সিদ্ধান্ত নেন।

এছাড়া ২০০৭ সালে মাইক্রোসফট ২৪০ মিলিয়ন ডলারের বিনিময়ে ফেসবুক এর ১.৬ শতাংশ শেয়ার ক্রয় করে।

তবে মাইক্রোসফটের বিল গেটস এর সাথে মার্ক এর জীবনের একটি ঘটনা মিলে যায়। দুই জনেই হার্ভার্ড থেকে পড়াশোনা শেষ না করেই বের হয়ে আসেন।

সাক্ষাতকারে জুকারবার্গ তার কলেজ ছেড়ে আসার কথা বলেন এবং এ সময় তিনি নতুন উদ্ভাবনের ব্যাপারে হার্ভার্ড উৎসাহ দেখাতে ব্যর্থ হচ্ছে বলে প্রচণ্ড সমালোচনা করেন।

"আমি স্কুল ছেড়ে দেবার অনেক আগে থেকেই অনেকের মধ্যে এ ধারণা জন্ম নেয়। আমি কলেজে থাকার সময় ফেসবুকের মত একটা জিনিস প্রয়োজন বলে মনে হয়েছিল বলেই তৈরি করেছিলাম। একেই বলে ভবিতব্য যে তৈরির পর আমাকে কলেজ ছাড়তে হল।"

তিনি স্বীকার করেন যে, ফেসবুক প্রথমেই এতটা জনপ্রিয়তা পাবে বলে তিনি ধারণা করতে পারেন নি। ২০০৪ সালে তিনি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে ফেসবুককে স্থানান্তর করেন। "প্রখ্যাত প্রতিষ্ঠানগুলোর আশপাশে বসে কাজ করতে পারব ভেবেই আনন্দ পেয়েছিলাম। একদিন আমরাও কিছু করব বলে ভেবেছিলাম, কিন্তু ফেসবুকই যে তা আমি কখনো তা ভাবিনি।"