বিতর্কিত অনলাইন নীতিমালা বাতিল। বর্তমান কমিটিই নতুন নীতিমালা করবে।

PriyoTech's picture

(প্রিয় টেক) বিতর্কিত খসড়া অনলাইন নীতিমালা সংশোধনের জন্যে কমিটি করা হলেও এখন সেটিকে পুরোপুরি বাতিল বলা হচ্ছে। সেক্ষেত্রে সংশোধনের জন্যে গঠিত বিদ্যমান কমিটিই নতুন করে নীতিমালার খসড়া তৈরি করবে। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে কমিটিকে সেটি জানানো হয়েছে।


তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, ফাইল ফটো

গত সপ্তাহে দেশের শীর্ষ সাংবাদিক এবং কয়েকজন রাজনীতিবিদকে নিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু একটি আড্ডার আয়োজন করেন। রাজধানীর মৌচাক এলাকায় ওই আড্ডায়ই তিনি এসব তথ্য জানান। আড্ডায় উপস্থিত থাকা এক সম্পাদক প্রিয় টেককে বলেন, মন্ত্রীকে এ বিষয়ে খুবই আন্তরিক মনে হয়েছে। এ সময় মন্ত্রীর বক্তব্য উদ্ধৃতি করে তিনি জানান, অনলাইন নীতিমালা সাংবাদিকদের। সুতরাং সাংবাদিকদের স্বার্থ না দেখে সরকার কিছুই করবে না।

তথ্য মন্ত্রী বলেন, অনলাইন নীতিমালার বিষয়ে খসড়া তৈরির কমিটি করা হয়েছে সেখানে সরকারের প্রতিনিধি মাত্র একজন। বাকি সবাই হচ্ছেন অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধি। তাছাড়া এই কমিটি যে প্রস্তাব দেবে তাও মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দিয়ে দেওয়া হবে। তখন যে কেউ এর উপর মতামত দিতে পারবেন। সে সব মতামতের পরেই নীতিমালা চূড়ান্ত হবে।

সিনিয়র ওই সম্পাদক জানান, তথ্য মন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপকদের কাছেও এ বিষয়ে বিশেষভাবে প্রস্তাবনা চাওয়া হয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট যে কেউ প্রস্তাবনা দিতে পারেন। তিনি বলেন, এই নীতিমালা সাংবাদিকদের। তাদের হাতেই দেওয়া হয়েছে। সরকার এখানে কোনো অবস্থায় হস্তক্ষেপ করবে না। তবে সাংবাদিকদের জিনিসটা অন্য আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা কেবল সেটাই যাচাই করে সংশোধনের পর চূড়ান্ত করে দেওয়া হবে।

এর আগে সরকার সংবাদভিত্তিক ওয়েব সাইটগুলোর জন্যে ৫ লাখ টাকা ফি ধার্য করে একটি খসড়া নীতিমালা তৈরি করে। পরে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর গত মাসে তা যাচাই বাছাইয়ের জন্যে একটি কমিটিও গঠিত হয়।