পাকিস্তানে বিতর্কিত ২০ হাজার ওয়েবসাইট বন্ধ

(প্রিয় টেক) বিতর্কিত, আপত্তিকর এবং ইসলাম বিরোধী ২০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। মহানবী মোহাম্মদ (সা.)-কে নিয়ে 'ইনোসেন্স অব মুসলিম' চলচ্চিত্র প্রচারের অভিযোগে আগেই পাকিস্তান সরকার ইউটিউব বন্ধ করে দিয়েছিল। কিন্তু তার পরেও কিছু সাইট বিতর্কিত ওই চলচ্চিত্র প্রচার করছিল বলে পাকিস্তান এতগুলো সাইট বন্ধ করে দিয়েছে।
পাকিস্তানের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা মিডিয়াকে জানান, আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করে ধর্মবিরোধী ভিডিও, ছবি এবং লেখা থাকার অভিযোগে আমরা সম্প্রতি ২০ হাজার আপত্তিকর সাইট এবং ব্লগ বন্ধ করেছি। তিনি আরো বলেন, পাকিস্তানের ইন্টারনেট থেকে ইসলামবিরোধী চলচ্চিত্রগুলো সরানো না হলে 'পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি'র চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন লাহোরের আদালত। প্রাথমিক অবস্থায় আমরা সাইটগুলো বন্ধ করেছি, পরবর্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
'পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি'র ওই মুখপাত্র বলেন, পাকিস্তানে দ্রুত ইউটিউব চালুর সম্ভাবনা নেই। যত দিন পর্যন্ত এ আপত্তিকর ভিডিও সাইটটি না সরাবে, তত দিন পর্যন্ত ইউটিউব বন্ধ থাকবে।
উল্লেক্ষ্য, ইসলামবিরোধী এ চলচ্চিত্রের কারণে এখন পর্যন্ত পাকিস্তানে ২৩ জন প্রাণ হারিয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।













