মতামতের ভিত্তিতেই অনলাইন নীতিমালা চূড়ান্ত হবে - হাসানুল হক ইনু

(প্রিয় টেক) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খসড়া নীতিমালা খসড়াই। খসড়ার কোনো দাম নেই। আলোচনা ছাড়া কোনো নীতিমালা চূড়ান্ত করা হবে না। সবার মতামতের আলোকেই অনলাইন নীতিমালা চূড়ান্ত করা হবে।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালা-২০১২: পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সেমিনারটির আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও সাইফুল হক।
হাসানুল হক ইনু বলেন, আইন আর নীতিমালা এক জিনিস নয়। গণতন্ত্রের আয়না হচ্ছে গণমাধ্যম। যারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা এই আয়নায় সব ঠিক করে নেয়। মহাজোট সরকার আলোচনা ছাড়া কোনো নীতিমালা করবে না। তিনি বলেন, নীতিমালার জন্য স্টেক হোল্ডারদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে অনলাইনের একটি খসড়া নীতিমালা প্রদানের জন্য আমন্ত্রণ জানান। এ খসড়া নীতিমালাকে অনলাইন নীতিমালা প্রণয়নে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘অনলাইনকে নিয়ন্ত্রণ করা সরকারের উচিত হবে না। আমরা একটি সমন্বিত অনলাইন নীতিমালা চাই, যা অনলাইন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না। কিন্তু বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন নিশ্চিত করবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন বলেন, খসড়া নীতিমালায় যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই অনলাইনবান্ধব নয়। প্রয়োজন একটি সমন্বিত ও সহায়ক নীতিমালার।
সেমিনারের শুরুতে সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন আকতার সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সৌজন্যে: প্রথম আলো














