অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা করতে কমিটি গঠন

(প্রিয় টেক) দেশের বিতর্কিত অনলাইন নিউজপোর্টালের জন্য উপযোগী একটি সহায়ক নীতিমালা প্রণয়ন করতে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বিডিনিউজ২৪.কম এর স্যোশাল অ্যাফেয়ার্স সম্পাদক বেবি মওদুদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও বার্তা সংস্থা আবাস-এর প্রধান মোস্তফা জব্বার, পিটিবিনিউজডটকম’র প্রধান সম্পাদক আশীষ কুমার দে, আইএনবির প্রধান সম্পাদক ও চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ। পিআইপি’র মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
বুধবার দেশের শীর্ষ স্থানীয় ১০টি অনলাইন নিউজ পেপারের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটি দ্রুত একটি খসড়া সরকারের কাছে জমা দেওয়ার পর আলোচনার মাধ্যমে তা চূড়ান্ত করা হবে বলে সচিব জানিয়েছেন।
বুধবার বিকেলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে তথ্য সচিব বলেন, এই নীতিমালার উদ্দেশ্য হবে, দ্রুত বিকাশমান অনলাইন নিউজপোর্টালগুলোকে বিজ্ঞাপন সহায়তার আওতাভুক্ত করা। যেসব অনলাইন গণমাধ্যম সংবাদমাধ্যম হিসেবে কাজ না করে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে, সেগুলো এই নীতিমালার আওতাভুক্ত হবে না। বৈঠকে এরই মধ্যে অনলাইন গণমাধ্যমের জন্য তৈরি খসড়া নীতিমালা প্রসঙ্গে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় যে, অনলাইন গণমাধ্যম নয়, কেবল অনলাইন নিউজপোর্টাল ও বার্তা সংস্থাগুলোর জন্যই একটি সহায়ক নীতিমালা প্রণয়ন করা হবে। আর এটি হবে অনলাইন বান্ধব।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, বিডিনিউজ২৪.কম এর স্যোশাল অ্যাফেয়ার্স সম্পাদক বেবি মওদুদ, বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান এহসানুল করিম হেলাল, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাইম খবরের প্রধান সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও বার্তা সংস্থা আবাস-এর প্রধান মোস্তফা জব্বার, পিটিবিনিউজডটকম’র প্রধান সম্পাদক আশীষ কুমার দে, ইউএনএসবিডিডটকম’র রফিকুল ইসলাম, আইএনবির প্রধান সম্পাদক ও চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ, এবিনিউজ’র প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় ও ডিএফপি’ মহাপরিচালক শামীম চৌধুরী, প্রমুখ।
বৈঠকে তথ্যসচিব বলেন, অনলাইন সংবাদ মাধ্যমের (অনলাইন নিউজপোর্টাল) জন্য সহায়ক একটি নীতিমালা করতে চায় সরকার। অনলাইন নিউজপোর্টালগুলোকে কিভাবে বিজ্ঞাপন-সহায়তার আওতাভুক্ত করা যায় সেই লক্ষেই এ নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। তিনি বলেন, ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক মিডিয়াগুলো কোনোভাবেই এই নীতিমালার আওতাভুক্ত হবে না।
তবে বিদেশী সামাজিক মাধ্যমগুলো এই নীতিমালার বাইরে থাকলেও, দেশী সামাজিক মাধ্যমগুলোর গলা চেপে ধরা হবে কিনা, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, তথ্য মন্ত্রণালয় রাতারাতি তাদের ভোল পাল্টিয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। অনেকেই বলতে শুরু করেছেন, নতুন মোড়কে এবার পুরনো মদ সরবরাহ করা হবে কি না, সেটাই দেখার পালা।













