ইউটিউব ভিডিও বন্ধ হল যেসকল দেশে

(প্রিয় টেক) মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ইউটিউব ভিডিওটিকে ইতোমধ্যে পাঁচটি দেশের জন্য ব্লক করেছে গুগল। এসকল দেশের সরকার কর্তৃক ভিডিওটিকে ব্লক করার জন্য গুগলকে হুমকি দেওয়া হয়। মালয়েশিয়া সর্বশেষ দেশ যেখানে এই ভিডিওটিকে ব্লক করা হয়। মালয়েশিয়া সরকার গুগলকে স্থানীয় আইনের ভয়ভিতি প্রদর্শন করায় এমনটি করা হয়েছে বলে ধারণা করা হয়।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামা জানায় তারা বেশ কিছুদিন আগে থেকেই এই ব্যাপারে চেষ্টা করে আসছিল। দেশটির তথ্য, যোগাযোগ ও সংস্কৃতি মন্ত্রণালয় এর মন্ত্রী রেইস ইয়াটিম জানান, দেশের মধ্যে অশান্তি, অনৈক্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য স্থানীয় আইনে গুগল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তারা আরও জানায় কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া আইনের আওতায় ইউটিউবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে কারণ তারা শুধু একে প্রদর্শনই করেনি বরং এই ভিডিও প্রদর্শনের পর এই ব্যাপারে তাদের শিথিল মনোভাবও সবার দৃষ্টিগোচর হয় ।
রসূল (সঃ)-কে নিয়ে ব্যাঙ্গ করা এই ১৪ মিনিটের ভিডিও প্রকাশের পর বিভিন্ন দেশে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। শুধু তাই নয় মিশর, ইয়েমেন, সুদান, ইন্দোনেশিয়া, লিবিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির সামনে প্রতিবাদ জানান হয় ও কনস্যুলেটদের নিকট প্রতিবাদ লিপি পেশ করা হয়। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এই বিষয়ে তাদের কিছুই করার নেই। হোয়াইট হাউজ আরও জানায় তারা কোন ব্যাক্তিকে তার নিজস্ব মতামত জানান থেকে বিরত রাখতে পারে না।
গুগল শুক্রবারে ইন্দোনেশিয়া ও ইন্ডিয়াতে ভিডিওটি বন্ধ করেছে, এর পূর্বে মিশর ও লিবিয়ায় ভিডিওটি ব্লক করা হয়।
যেসকল দেশে এটি ব্লক করা হয়েছে তারা এটি দেখতে চাইলে এখন একটি সাপোর্ট পেজে নিয়ে যাওয়া হয়।
আমাদের দেশে এই ভিডিও প্রকাশের প্রতিবাদে ফেটে পড়েন জনসাধারণ; এবং গতকাল থেকে বাংলাদেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়।








