ড্রপবক্স থেকেই ভিডিও আপলোড করা যাবে ভিমিওতে

(প্রিয় টেক) সম্প্রতি ভিডিও আপলোডে দ্বিতীয় বৃহত্তম ও জনপ্রিয় সেবা ভিমিও জানিয়েছে, তারা ড্রপবক্স নামের ক্লাউড স্টোরেজ সেবার সঙ্গে একজোট হয়ে নতুন একটি সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ড্রপবক্স অ্যাকাউন্ট থেকেই ভিডিও সরাসরি ভিমিওতে আপলোড করতে পারবেন।
ভিমিওর ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট ব্লেক হুইটম্যান এ ব্যাপারে প্রকাশিত এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ব্যবহারকারীরা নতুন এই সুবিধার ফলে খুব সহজেই ভিডিও আপলোড ও শেয়ার করতে পারবেন। ভিমিও ব্যবহারকারীরা তাদের ড্রপবক্স অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ করে নিলেই পরেরবার থেকে ভিডিও আপলোড করার সময় ভিমিও'র সাইটে না গিয়েই ভিডিও আপলোড করতে পারবেন।
হুইটম্যান আরও জানিয়েছেন, ব্যবহারকারীরা ড্রপবক্সের নির্দিষ্ট একটি ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন যেখান থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও আপলোড হবে। এতে করে পরেরবার যখনই সেই ফোল্ডারে কোনো ভিডিও পাওয়া যাবে, ভিমিও তা আপলোড করে নিবে। এছাড়াও ড্রপবক্স থেকে বিশেষ একটি বা একাধিক ভিডিও আপলোড করার সময় গতানুগতিক পদ্ধতির মতো ব্রাউজার চালু করে রাখতে হবে না। আপলোড কমান্ড দিয়ে ব্যবহারকারীরা ব্রাউজার বন্ধ করে দিতে পারেন। ভিমিও ড্রপবক্সের সার্ভার থেকেই ভিডিও আপলোড করে নেবে।
ভিমিও ইউটিউবের তুলনায় কম জনপ্রিয় হলেও ফিল্মমেকারদের মধ্যে এটি বেশ জনপ্রিয়। কেননা, ভিমিওতে কেবল অরিজিনাল কন্টেন্টই আপলোড করতে দেয়া হয়। অরিজিনাল কন্টেন্ট বলতে ব্যবহারকারীর নিজের তৈরি ভিডিও বোঝানো হয়েছে। এতে করে ইউটিউবের মতো একই ভিডিও একাধিকবার আপলোড হয় না। ফলে সাইটটির ভিডিও কালেকশন হয়ে উঠেছে ইউটিউবের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্ন।












