ফেসবুক বন্ধুদের ছবি খোঁজা যাবে বিং-এ

(প্রিয় টেক) সম্প্রতি মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং ব্যবহারকারীদের ফেসবুক বন্ধুদের ছবির মধ্যে খোঁজাখুজি করার সুবিধা চালু করেছে। নতুন এই সুবিধাটি এ বছরের শুরুর দিকে বিং-এর রিডিজাইনের একটি অংশ বলেই জানিয়েছে মাইক্রোসফট।
সার্চ ইঞ্জিন বিং এ বছরের শুরুর দিকে ছবি খোঁজ করার বিষয়ে একটু আলাদা মনোযোগ দেয়। এরই নতুন সুবিধা হিসেবে ব্যবহারকারীরা যখন কোনো শব্দ লিখে ছবির জন্য খোঁজ করবেন, তখন তিনি ফেসবুকে লগইন থাকলে তার ফেসবুক বন্ধুদের আপলোড করা ছবির মাঝেও অনুসন্ধান চালাবে বিং। যদি কিওয়ার্ড-এর সঙ্গে মিলে যায় এমন কোনো ছবি পাওয়া যায়, তাহলে তা বিং-এ দেখা যাবে।

সূত্র আরও জানিয়েছে, এসব ছবিতে লাইক দেয়া বা মন্তব্য করার সুবিধাও রয়েছে। আগে যেমন ব্যবহারকারীরা বিং থেকে ফেসবুক বন্ধুদের নামে ক্লিক করলে ফেসবুকের আলাদা একটি পেজ খুলতো, নতুন পদ্ধতিতে আর তা হবে না। এখন বিং-এ বসেই ব্যবহারকারীরা ছবিতে মন্তব্য করতে পারবেন।
সার্চ ইঞ্জিন বিং-এর সঙ্গে ফেসবুকের আরও অনেক আগে থেকেই বিভিন্ন বিষয়ে এক সঙ্গে কাজ করার ইতিহাস রয়েছে। ফেসবুকের ইভেন্ট পেজেও বিং ম্যাপ থেকে তথ্য দেখানো হয়। যদিও ব্যবহারকারীরা ছবি অনুসন্ধানের সময় বিং পৃষ্ঠার সাইডবারে বন্ধুদের আপলোড করা ছবির তালিকা দেখতে পাবেন, ব্যবহারকারীরা কেবল ফেসবুকে বন্ধুদের ছবির মাঝে খোঁজ করার জন্য আলাদা কোনো পেজ পাবেন না। অর্থাৎ, ছবি খুঁজতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এটি কাজ করবে বলে বিং-এর এক মুখপাত্র জানিয়েছেন।












