ড্রপবক্স চালু করলো ২-ধাপ অথেনটিকেশন

A.I.Sajib's picture

(প্রিয় টেক) গুগলের পর এবার ড্রপবক্স চালু করলো ২-ধাপ অথেনটিকেশন পদ্ধতি যার ফলে ব্যবহারকারীদের সংরক্ষিত ফাইলের নিরাপত্তা অনেকখানি বৃদ্ধি পাবে।

২-ধাপ অথেনটিকেশন হচ্ছে একধরনের নিশ্চিতকরণ পদ্ধতি। কোনো ব্যবহারকারী যখন ২-ধাপ চালু করবেন তখন নতুন কোনো কম্পিউটার থেকে লগইন করতে গেলে সঙ্গে সঙ্গে তার মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠাবে ড্রপবক্স। সেই সিকিউরিটি কোডটি দেয়া ছাড়া লগইন করা প্রায় অসম্ভব। কোন নম্বরে সিকিউরিটি কোডটি পাঠানো হবে তা আগেই ঠিক করে রাখতে হয়। এতে করে ব্যবহারকারী নিজে লগইন করছেন নাকি অন্য কেউ পাসওয়ার্ড চুরি করে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছেন তা জানা যায় এবং অনুপ্রবেশ ঠেকানো যায়।

গুগল অনেক আগেই তাদের অ্যাকাউন্টের জন্য ২-ধাপ ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। এবার ড্রপবক্সই প্রথম অনলাইন ফাইল স্টোরেজ সেবা যারা এই পদ্ধতির নিশ্চিতকরণ সেবা চালু করেছে।

গত বছর ব্যবহারকারীরা ২-ধাপ অথেনটিকেশনের সুবিধা দাবি করেন ড্রপবক্সের ফোরামে। সবশেষে জুলাইয়ে ড্রপবক্সের ডেটাবেস থেকে অনেক ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি যাবার পর ড্রপবক্স এই পদ্ধতি সম্প্রতি চালু করলো। এতে করে কোনোভাবে পাসওয়ার্ড অন্য কেউ জেনে ফেললেও ব্যবহারকারীর অ্যাকাউন্টে ঢোকা যাবে না।

২-ধাপ অথেনটিকেশন চালু করতে ব্যবহারকারীরা ড্রপবক্সের ওয়েবসাইটে লগইন করে সিকিউরিটি ট্যাবে গেলেই অপশনটি পাবেন। টেক্সট মেসেজ (এসএমএস) ও মোবাইল অ্যাপ্লিকেশন দুইভাবেই সিকিউরিটি কোড রিসিভ করার সুবিধা রয়েছে এতে।