২০১৫ সালের মাঝে ইউরোপের সর্বোচ্চ গতির ব্রডব্যান্ড হবে যুক্তরাজ্যের

PriyoTech's picture

(প্রিয় টেক) ইউরোপের যে কোন দেশ অপেক্ষা যুক্তরাজ্যের ব্রডব্যান্ডের গতি ২০১৫ সালের মধ্যে সর্বোচ্চ হবে বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী (যুক্তরাজ্যের মন্ত্রীরা সেক্রেটারি নামে পরিচিত) জেরেমি হান্ট। তিনি দেশটির ৯০% জনগণের কাছে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন। উচ্চ গতির ব্রডব্যান্ড বলতে তিনি প্রতি সেকেন্ডে ২৪ মেগাবিট গতি বুঝিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

পূর্ব লন্ডনে গুগলের ক্যাম্পাস বিল্ডিংয়ে বক্তব্য দেবার সময় জেরেমি তার উচ্চাকাঙ্ক্ষা রূপরেখা বর্ণনা করেন।

গত মাসে লর্ডস কমিটি ব্রডব্যান্ড সম্পর্কে জেরেমির উচ্চাকাঙ্ক্ষা তীব্র সমালোচনার সম্মুখীন হয়। কমিটি মতে জেরেমি প্রয়োজনীয় অবকাঠামো তৈরি না করেই শুধুমাত্র গতি বৃদ্ধির দিকে লক্ষ্য দিচ্ছেন, যা অদূর ভবিষ্যতে অবকাঠামোগত সমস্যা ছাড়াও এক শ্রেণির জনগণ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টারনেট সুবিধা বঞ্চিত অথবা তাদের জীবন পরিবর্তন করতে পারবে এমন সুফল থেকে বঞ্চিত হবে।


এফটিটিসি মধ্যবর্তীকালিন সমাধান - জেরেমি হান্ট

এদিকে সোমবার তার বক্তব্যে জেরেমি ব্রডব্যান্ডের গতির প্রতি তার পক্ষপাতিত্বের কারণ হিসেবে যুক্তরাজ্যের নেটওয়ার্ক যদি অন্যান্য ইউরোপের দেশগুলোর সাথে প্রতিযোগিতায় করতে চায় তাহলে এই গতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন।

"উচ্চ এবং উচ্চতর গতির ব্রডব্যান্ডের চাহিদা যে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা অনুধাবন করতে না পারলে আমরা প্রতিযোগিতামূলক ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে ব্যর্থ হব। আজকের সর্বোচ্চগতি আগামীর সর্বনিম্ন। ২ মেগাবিট গতির সীমাকে আঁকড়ে ধরে গত সরকার যে ভুলটা করেছে, আমরা একটা গতিকে 'যথেষ্ট' বলে ধরে নিয়ে সেই ভুলের ফাঁদে আটকা পরতে কখনই চাই না।"

গতি বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে ফাইবার টু দি ক্যাবিনেট (এফটিটিসি) প্রক্রিয়া ব্যবহার করা হবে। অর্থাৎ সাধারণ ব্যবহারকারীর বাড়ির নিকটস্থ ক্যাবিনেটগুলোকে উচ্চ গতির ফাইবার সংযোগ দেয়া হবে। এই ক্যাবিনেট থেকে প্রাথমিক অবস্থায় সাধারণ টেলিফোন তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। এই গতি অপেক্ষাকৃত ভাবে অনেক ধীর হবার কারণে এফটিটিসিকে জেরেমি ক্ষণস্থায়ী ব্যবস্থা বলে অভিহিত করেছেন।

তিনি এই প্রক্রিয়া গ্রহণ করতে রাজি হবার কারণ হিসেবে গতি বৃদ্ধির হারকে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন এই পদ্ধতিতে ব্রডব্যান্ড গতি ৮০ মেগাবিট থেকে কোন কোন স্থানে ১ গিগাবিট হবার সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে তিনি ইউরোপের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক উচ্চ গতির ব্রডব্যান্ড বাজার তৈরি করতে পারবেন।

এছাড়া ফাইবার সংযোগ ক্যাবিনেট পর্যন্ত নিয়ে যেতে পারলে সেখান থেকে স্থানীয় ইন্টারনেট পরিচালকেরা নিজস্ব প্রচেষ্টায় অনেক সহজে ফাইবার সংযোগ ব্যবহারকারীর বাসা পর্যন্ত নিয়ে যেতে পারবে। যার মাধ্যমে সৃষ্টি হবে এফটিটিএইচ বা ফাইবার টু হোম।

২০১৬ সালের মধ্যে দেশটির দুই-তৃতীয়াংশ জনগণ এফটিটিএইচ সুবিধা ভোগ করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।