গিগাবিট গতির ইন্টারনেট সেবা চালু করলো গুগল

(প্রিয় টেক) মাসিক মাত্র ৫৭২২.৫ টাকায় পেতে পারেন ১ গিগাবিট গতির ইন্টারনেট সংযোগ! না স্বপ্ন নয়, সত্যি এই দ্রুত গতির ইন্টারনেট আপনি হাতে পেতে পারেন যদি...আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস নগরের বাসিন্দা হন। অবশ্য শুধু ক্যানসাস নগরের বাসিন্দা হলেও অবশ্য হবে না, হতে হবে মেট্রো এলাকার বাসিন্দা। ইন্টারনেটে অনুসন্ধান পরিসেবা প্রদানকারী সংস্থা গুগল ১ গিগাবিট গতির গুগল ফাইবার চালু করেছে গত ২৬ জুলাই। আর এর জন্য মাসিক খরচ মাত্র ৳৫৭২২ টাকা বা $৭০ মার্কিন ডলার!

সাথে যদি আরো $৫০ দেন তাহলে পাবেন ক্যাবল টিভিও। গুগল জানিয়েছে ডাউনলোড এবং আপলোড উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবে প্রতি সেকেন্ডে ১ গিগাবিট গতি। যা মার্কিন যুক্তরাষ্ট্রের গড় গতির চাইতে ১০০ গুণ আর বাংলাদেশের হিসেবে ১০০০ গুণ দ্রুত।
ব্রডব্যান্ডসেবা দেয়ার জন্য নিজ উদ্যোগে গুগল ফাইবার অপটিক ক্যাবল বসিয়েছে। প্রকল্পটির ঘোষণা গুগল দেয় ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইবার টু দা হোম (এফটিটিএইচ) সুবিধাটি গুগল ছাড়া ভেরাইজন কমুনিকেশন ইনকর্পোরেটেড দিয়ে থাকে। বর্তমানে ভেরাইজন তার নেটওয়ার্কের ব্যপ্তি বৃদ্ধি করতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি অবশ্য এফটিটিএইচ ব্যবহার করে তার ব্যবহারকারীকে মাত্র ১৫ মেগাবিট গতির ইন্টারনেট সেবা দেয়।
গুগল ‘ফাইবার ফর কমিউনিটিজ’ নামে এ ব্রডব্যান্ড সার্ভিস প্রকল্প প্রথমদিকে ক্যানসাস সিটিতে চালু করার ঘোষণা দেয়। তবে অন্যান্য শহরও চাইছে এ সেবা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে শত শত গ্রুপ গুগলকে তাদের শহরে ব্রডব্যান্ড সংযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।
অবশ্য গুগলের এই দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পাবার একটি শর্ত রয়েছে, একটি এলাকার সবাইকে বা অধিকাংশ মানুষ যদি ওয়েবসাইটে এই সংযোগ পাবার জন্য আবেদন করে তাহলেই সেই এলাকায় তারা নেটওয়ার্ক বসাবে নয়লে নয়। প্রাক অন্তভুক্ত হবার জন্য ছয় সপ্তাহ সময় পাবে এলাকাবাসী।
এছাড়া কম গতির ইন্টারনেট সেবাও প্রদান করবে গুগল। $৩০০ বা ২৪,৫২৫ টাকা ইনস্টলেশন খরচ হিসেবে যদি দেন তাহলে প্রতিষ্ঠানটি ৫ মেগাবিটের সংযোগ আপনার বাসায় লাগিয়ে দিবে। এরপর মাসিক কোন খরচ দিতে হবে না, আনলিমিটেড ডাটা পাবেন। আর গুগল জানিয়েছে এই সুবিধা কমপক্ষে সাত বছরের জন্য বলবত থাকবে।
গুগল ছাড়া টেনেসি অঙ্গরাজ্যের চাত্তানুগায় অবস্থিত শহর অধিকৃত বিদ্যুতকেন্দ্র মাসে ৩৫০ ডলারে গিগাবিট ইন্টারনেট সুবিধা প্রদান করে। তবে গুগলের মতো এত কমে গিগাবাইট ইন্টারনেট সুবিধা এখনো কোনো প্রতিষ্ঠান দিতে পারেনি।













