সম্পাদক সংকটের কথা অস্বীকার করলেন উইকিপিডিয়া প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস

সম্প্রতি অনলাইনের সর্ববৃহৎ উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সম্পাদক ও প্রশাসক সংকটে রয়েছে এমন তথ্যসহ খবর বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আসার পর তা অস্বীকার করেছেন এর প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। তার মতে, তিনি এ ব্যাপারে কিছু জানতেনই না।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী স্পষ্টই দেখা গেছে যে, উইকিপিডিয়ার সম্পাদক ও প্রশাসকের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। উইকিপিডিয়ায় সাধারণ যে কেউই লেখা সম্পাদনা করতে পারলেও উইকিপিডিয়া কর্তৃপক্ষ কিছু কিছু ব্যবহারকারীদের বাড়তি ক্ষমতা দিয়ে থাকে। প্রশাসনিক ক্ষমতা দেয়ার হারও কমে গেছে বলে দি আটলান্টিক-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এর বাস্তব উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, এ বছরের মে এবং জুন এই দুই মাসে মাত্র ২ জনকে প্রশাসকের দায়িত্ব দেয়া হয় যেখানে ২০১১ সালের মে এবং জুন মাসে প্রশাসনিক ক্ষমতা দেয়া হয় ১০ জন ব্যবহারকারীকে।
এ ব্যাপারে অবশ্য জিমি ওয়েলস সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, উইকিপিডিয়ায় মোট প্রশাসকের সংখ্যা দুই বছর ধরেই স্থিতিশীল রয়েছে। তবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের অংশগ্রহণ কমে যাওয়া উইকিমিডিয়া প্রকল্পগুলো মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।














