সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের আয়োজন করছে যুক্তরাজ্য

A.I.Sajib's picture

যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে সাইবার হামলার ঘটনা অনেক বেড়ে যাওয়ার ফলে দেশটির সরকার সাইবার হামলা ঠেকাতে দক্ষ লোক খুঁজছে। তবে গতানুগতিক উপায়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার বদলে ইন্টারনেটে আয়োজিত এক প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও সফটওয়্যার ডেভেলপার খুঁজতে যাচ্ছে তারা।

প্রাথমিকভাবে অনলাইনেই "সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ" নামের এই প্রতিযোগিতায় আগ্রহীরা অংশ নিতে পারবেন। যারা সবচেয়ে ভালো ফলাফল করবেন, তাদের ডেকে নিয়ে ল্যাবে সাইবার সিকিউরিটি বিষয়ক আরও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হবে।

এ ব্যাপারে সিকিউরিটি সার্টিফিকেট সংস্থা আইএসসি স্কয়ার্ড-এর জন কলি বলেছেন, প্রতিযোগীদের এমনভাবে ভাবতে হবে যেন তারা সফটওয়্যার ও অন্যান্য অ্যাপ্লিকেশন তৈরি করছেন। তিনি আরও মন্তব্য করেছেন, যুক্তরাজ্যের কোনো কম্পিউটার বিজ্ঞান ডিগ্রিতে নিরাপত্তা বিষয়ে ভালো জ্ঞান দেয়া হয় না। এর ফলে চাকরিতে নিয়োগ দেয়ার পরও অনেক প্রতিষ্ঠানকে তাদের নিরাপত্তা কর্মিদেরকে এ ব্যাপারে প্রশিক্ষণ দিতে হয়।

প্রতিযোগীতাটি অন্যান্য সাইবার নিরাপত্তামূলক প্রতিদ্বন্দ্বীতা একটু ভিন্ন বলে জানা গিয়েছে। এখানে প্রতিযোগীদেরকে বিভিন্ন ধরণের ডিজিটাল আক্রমণ থেকে নেটওয়ার্ককে সুরক্ষা প্রদান করতে হবে।

অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় প্রাথমিক ভাবে ধারাবাহিক কিছু প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এই স্তরে যারা ভালো করবে তাদের মধ্যে থেকে ৩০ জনকে কম্পিউটারে আরেক গুচ্ছ পরীক্ষায় অংশ নেবার জন্য আমন্ত্রণ জানানো হবে।

এ সময় তারা অন্য প্রতিযোগীদের সাথে একত্রিত হয়ে দল গঠনের মাধ্যমে ধারাবাহিক কিছু সমস্যার সমাধান করবে।

প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কাইনটিক এই প্রতিযোগিতা তৈরিতে সাহায্য করেছে বলে জানিয়েছে। তবে অনলাইন প্রতিযোগিতা থেকে বেছে সেরাদের দ্বিতীয় ধাপে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এ ব্যাপারে কোনো তথ্য জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।