জাপানের সরকারী সাইট বন্ধ করে দেয় অ্যানোনিমাস

(প্রিয় টেক) এবার জাপানের সরকারী ওয়েবসাইটগুলো কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিল হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস। দলটির জাপান ভিত্তিক সংগঠনের টুইটার ফিড @ওপি_জাপান সাইবার আক্রমণের দায়ভার স্বীকার করে নিয়ে বলে জাপানের নতুন অ্যান্টি পাইরেসি আইন বিরোধী প্রতিক্রিয়া দেখানোর লক্ষ্যে এই আক্রমণ তারা চালিয়েছে।

নতুন অ্যান্টি-পাইরেসি আইনে কপিরাইট কনটেন্ট অবৈধভাবে ডাউনলোডকারীদেরকে শাস্তি হিসেবে কারাগারে প্রেরণের বিধান রাখা হয়েছে। অ্যানোনিমাসের তার ওয়েবসাইটের মাধ্যমে দাবী করে, "এই আইনের আওতায় অনেক নিরপরাধ নাগরিক জেলখাটার মত শাস্তির শিকার হবে।"
অ্যানোনিমাসের আক্রমণে দেশটির অর্থ মন্ত্রণালয়, উচ্চ আদালত এবং রাজনৈতিক দল ডিপিজে এবং এলডিপির ওয়েবসাইটগুলো কিছুক্ষণ অফলাইনে চলে গেলেও তা পরে ফিরে আসে।
নতুন আইন অনুযায়ী "কন্টেন্টটি ফ্রি নয় এবং কপিরাইট রয়েছে জেনেও কেউ ডাউনলোড করলে তা বেআইনি বলে বিবেচিত হবে" এবং সর্বোচ্চ ২০ লক্ষ ইয়েন ($২৫,৩০০) জরিমানা অথবা সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে - অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
মন্ত্রণালয়ের কর্মকর্তা তাকানারি হোরিনো জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবপেজগুলো ডিফেসড করা হয় এবং সাইটে অবৈধ লিংক পোস্ট করা হয়। তিনি নতুন আইন সম্পর্কে অ্যানোনিমাসের বিবৃতি সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও আক্রমণের পেছনে হ্যাকার দলটি রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় বলে জানিয়েছেন।
সম্প্রতি অ্যানোনিমাস ভারত এবং চীনের সরকারী সাইটগুলোর আক্রমণ চালায়।













