অনলাইন শিক্ষাদানে এমআইটি'র সাথে যুক্ত হল হার্ভার্ড

PriyoTech's picture

(প্রিয় টেক) এমআইটি'র অনলাইন শিক্ষাদানের কর্মসূচি এমআইটিএক্স এর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিশ্বখ্যাত এই বিদ্যাপীঠটি বিশ্বের মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দেবার লক্ষ্য নিয়ে চালু করে তাদের অনলাইনে শিক্ষাদান ওয়েবসাইটটি। আর এর অবকাঠামো স্বরূপ তৈরি করে ইডিএক্স। তাদের এই প্রচেষ্টা, আকৃষ্ট করেছে বিশ্বের আরেকটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, হার্ভার্ডকে। প্রতিষ্ঠানটি এমআইটি'র অনলাইন অবকাঠামো ইডিএক্সকে আরও ভালোভাবে গঠন এবং সেখানে তাদের নিজস্ব বিষয় এবং বিষয়বস্তু বিনামূল্যে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

যদিও এই মুহূর্তে ঠিক কোন বিষয়গুলো অনলাইনে প্রদান করা হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান না করে থাকলেও বিষয়গুলো ভিডিও, কুইজ এবং অনলাইন ল্যাবের মাধ্যমে শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছে।

যারা এই কোর্সগুলো সাফল্যের সাথে সমাপ্ত করবে তারা প্রতিষ্ঠানটির কাছে থেকে সার্টিফিকেট অব মাস্টারি (ডিপ্লোমা) সনদ পাবে।

এমআইটি এবং হার্ভার্ড এই ইডিএক্স অবকাঠামোটির আরও উন্নয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানদ্বয় মনে করছে ভবিষ্যতে তাদের এই উন্মুক্ত অবকাঠামো ব্যবহার করে আরও অসংখ্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এবং বিশ্ববাসীর জন্য শিক্ষাকে আরও সহজ এবং সস্তা করে তুলতে সক্ষম হবে।

প্রতিষ্ঠানদ্বয় অনলাইন শিক্ষা কার্যক্রমের পেছনে ৬০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে বলে জানিয়েছে। প্রাথমিকভাবে কোন বিষয়টি পড়ানো হবে সে সম্পর্কে ঘোষণা এই গ্রীষ্মে আর পাঠদান 'ফল'-এ শুরু হবে বলে জানিয়েছে।

যারা বিষয়টা নিয়ে আরেকটু বেশি জানতে আগ্রহী তারা ভিডিওটি দেখে নিতে পারেন-


Video streaming by Ustream