ইলেকট্রিক ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব সৃষ্টিকারী নতুন অ্যালগোরিদম

(প্রিয় টেক) ইলেকট্রনিক ডিভাইসের উপর আমাদের নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে। স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ ছাড়া আমাদের অনেকের দিনই চলে না। আর প্রযুক্তির এই তিনটি পণ্যের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটারির স্থায়িত্বকাল। বেশির ভাগ সময় দেখা যায় যে মুহূর্তে আপনার সবচেয়ে দরকার তখন এর আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। আর তাই ব্যাটারির স্থায়িত্ব কিভাবে আরো বাড়ানো যায় সে বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা চলছে। এক্ষেত্রে আশার আলো দিয়েছে ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

সম্প্রতি তারা নতুন অ্যালগোরিদম তৈরি করেছে যার মাধ্যমে লিথিয়াম ব্যাটারির চার্জের সময় অর্ধেক, ব্যাটারির সেলগুলো আরো দক্ষভাবে কাজ করতে এবং উৎপাদন খরচ ২৫% পর্যন্ত কমিয়ে আনার সম্ভাবনা দেখা দিয়েছে।
এই মুহূর্তে কারেন্ট এবং ভোল্টেজ এর উপর নজর রাখার মাধ্যমে ব্যাটারির অবস্থা নির্ণয়ের যে সনাতন পদ্ধতি রয়েছে তা বাদ দিয়ে নতুন অ্যালগরিদমটি প্রতিটি লিথিয়াম আয়ন সেলের অবস্থা নির্ণয়ের মাধ্যমে আরো সঠিক তথ্য প্রদান করতে সক্ষম।
এই অতিরিক্ত বৈশিষ্ট্যটি গবেষকদলকে দিয়েছে ব্যাটারির স্থায়িত্বকাল নির্ণয় এবং চার্জের দক্ষতা নিয়ন্ত্রণ করার সুবিধা।
মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের আরপা-ই অ্যালগোরিদমটির অধিক উন্নয়নের লক্ষ্যে $৪ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার প্রদান করেছে। এই গবেষণায় সাহায্যকারী হিসেবে থাকছে বিখ্যাত অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্ততকারক বোস এবং ব্যাটারি প্রস্ততকারক কোবাসিস। প্রতিষ্ঠান দুইটি এর জন্য $৯.৬ মিলিয়ন ডলার অনুদান হিসেবে পাবে।
কবে নাগাদ প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে পাওয়া যাবে সে ব্যাপারে কোন তথ্য এখনো জানা যায়নি।












