রান্নাঘরে পরিবর্তন আনবে এমন ১০টি ডিজাইন

(প্রিয় টেক) রান্নাঘর এবং ক্লিনিং যন্ত্রপাতি নির্মাণে বিশ্বে নেতৃস্থানীয় কোম্পানি হচ্ছে এবি ইলেকট্রোলাক্স। আর এই প্রতিষ্ঠানটি প্রতিবছর বিশ্বব্যাপী আয়োজন করে ডিজাইন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার ডিজাইন ল্যাব ২০১২ এর দশ চূড়ান্ত প্রতিযোগীর নাম ঘোষণা করেছে। এই দশজন ডিজাইনার তাদের ডিজাইনের মাধ্যমে আমাদের চিরপরিচিত রান্নাঘরের তৈজসপত্রকে করে তুলেছে অনন্য।
এখানে সেরা দশটি ডিজাইন সম্পর্কে কিছু তথ্য দেয়া হল-
১। মেমরি:

চীন, ডিজাইনার: ওয়েনইয়াও কাই
এই কফি মেশিনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট চিহ্নিত করার প্রযুক্তি। ফলে আপনি কি ধরণের কফি পছন্দ করেন তা সে মনে রাখবে এবং আপনার আঙ্গুলের ছোঁয়া মাত্র তা তৈরি করে দিবে।
২। ইজি স্টির:

নরওয়ে, ডিজাইনার: লিসা ফ্রোদাদোত্তির লাস্টেড
চুম্বক শক্তি চালিত একটি ডিভাইস যা ইন্ডাকশন জাতীয় ওভেন থেকে শক্তি সঞ্চয় করে এবং হাত ছাড়া তরকারী নাড়তে সাহায্য করে।
৩। ইম্প্রেস:

নিউজিল্যান্ড, ডিজাইনার: বেন দে লা রোসে
একটি রেফ্রিজারেটেড দেয়াল, যা আপনাকে কি খেতে হবে তা মনে করিয়ে দিবে এবং খাদ্য দ্রব্যের পরিমাণ অনুযায়ী নিজে থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করবে।
৪। স্পামি:

ব্রাজিল, ডিজাইনার: অ্যালেক্সান্ডার দে বাস্তিয়ানি
ন্যানো প্রযুক্তি ব্যবহার করে ভোগ করা যায় এমন নানা স্বাদের ফোম তৈরি করে। নির্মাতা জানিয়েছে এর মাধ্যমে আপনি যে স্বাদ চিন্তা করবেন তাই তৈরি করা সম্ভব।
৫। মো’স্ফিয়ার:

মেক্সিকো, ডিজাইনার: ইয়ুনুন হার্নান্দেজ
প্রফেশনাল শেফদের মত মলিউকিউলার পর্যায়ে রান্না করার সুবিধা প্রদান করবে এই পাত্রটি। সৃষ্টি করতে পারবেন নানা ধরণের স্বাদ।
৬। স্মার্ট প্লেট:

ইউনাইটেড কিংডম/রোমানিয়া, ডিজাইনার: জুলিয়ান ক্যারাউলানি
বিশ্বের প্রথম বুদ্ধিমান থালা। এই থালায় থাকা খাদ্য তৈরিতে কি ব্যবহার করা হয়েছে তা সে বুঝতে পারে এবং সেগুলোকে সংগীতে পরিণত করে এবং ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী তাল, লয় এবং সুর হিসেবে আপনার মোবাইলে পাঠিয়ে থাকে।
৭। ট্রিট:

অস্ট্রেলিয়া, ডিজাইনার: এমি মন-চু লি
গাছের মত দেখতে একটি যন্ত্র। এতে ভ্যাকুয়াম সিল্ড অবস্থায় পডের মধ্যে নানা ধরণের খাবার থাকবে। খাবার যত পুরাতন হবে এর রঙ পরিবর্তন হবে এবং নষ্ট হয়ে গেলে গাছ থেকে ঝরে পরবে। ফোনের মাধ্যমে খাবার গরম করার নির্দেশ প্রদান করাও সম্ভব হবে।
৮। টেস্টি:

ডেনমার্ক, ডিজাইনার: ক্রিস্টোফার হোম-হ্যানসেন
এই চামচাকৃতির যন্ত্রটিকে আপনি জিহবার সাথে তুলনা করতে পারেন। তরকারীতে কোন মসলা বা অন্যকিছু বাদ পরেছে কিনা তা তাৎক্ষনিকভাবে বলে দিবে এই চামচ।
৯। অ্যারোবল:

পোল্যান্ড, ডিজাইনার: জ্যান অ্যাঙ্কিরস্তাইন
বুদবুদের মত দেখতে এই ছোট ছোট এই বলগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং বাতাস পরিষ্কার এবং রুমকে সুগন্ধে ভরিয়ে রাখে। সৌরশক্তির মাধ্যমে চলে বলে এগুলো সবসময় বাতাসে ভেসে বেড়ায় এবং রাতে আলোকিত হয়ে উঠে।
১০। আইস:

স্পেন, ডিজাইনার: জুলেন পেজুনেট
ডিভাইসটি নানা ভাবে ব্যবহার করা সম্ভব। প্রজেক্টর, বাতি, রান্নার সাহায্যকারী এবং বিনোদন সবকিছুই পাবেন এই একটি ডিভাইসের মাধ্যমে। ডিনারের সময় আপনার মুড অনুযায়ী আলোকচ্ছটা দিয়ে আপনাকে আনন্দিত করতে যেমন পারবে তেমনি রান্নার সময় আপনার ইনগ্রেডিয়েন্টগুলো স্ক্যান করে সেগুলো দিয়ে কি রান্না করা যায় তার একটি তালিকা প্রদান করে। এছাড়া আইসের ডাটাবেজে রয়েছে অসংখ্য রান্নার প্রণালী। সেগুলো রান্না করার ব্যাপারেও আপনাকে সাহায্য করবে এই যন্ত্রটি।












