আলট্রাবুকের জন্য সিনাপটিক্সের থিনটাচ কিবোর্ড

PriyoTech's picture

(প্রিয় টেক) সিনাপটিক্স অত্যন্ত পরিচিত এবং অপরিচিত একটি নাম। ল্যাপটপ ব্যবহারকারীরা এর প্রযুক্তির উপর নির্ভর করলেও ড্রাইভার লোড করার আগ পর্যন্ত এর নাম খুব একটা শোনাও যায় না, পাওয়া যায় না ল্যাপটপের প্রধান প্রধান স্পেসিফিকেশনের হিসেবেও। কিন্তু ল্যাপটপ নিয়ন্ত্রণের সাথে ওতপ্রোতভাবে রয়েছে এর পণ্যটি। বিশ্বের বৃহৎ ল্যাপটপ নির্মাতারা এর প্রযুক্তি ব্যবহার করে আসছে তাদের ল্যাপটপের টাচপ্যাড হিসেবে। আর এইচটিসি এবং সনি ব্যবহার করছে ওয়ান এক্স এবং এক্সপেরিয়া পি এর টাচস্ক্রিন এর জন্য। ডিভাইসের আড়ালে থেকে কাজ করতে অভ্যস্ত প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে আলট্রাথিন কিবোর্ড।

প্রতিষ্ঠানটি আলট্রাবুক নির্মাতারা যেন আরো পাতলা আলট্রাবুক উপহার দিতে পারে সে লক্ষ্য নিয়ে এই কিবোর্ডটি তৈরি করেছে। সিনাপটিক্স জানিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চাইতে তাদের কিবোর্ডটি সর্বোচ্চ ৫০% পাতলা।

প্রতিষ্ঠানটি দাবী তাদের এই 'থিনটাচ' নামক কিবোর্ড ব্যবহারের মাধ্যমে নির্মাতারা আরো পাতলা অথবা আরো বড় ব্যাটারি ব্যবহার করতে সক্ষম হবে। এছাড়া কি-গুলোর নিচে রাবার না থাকার কারণে ব্যাকলাইট আরো উজ্জ্বল এবং কিবোর্ডের ক্যাপাসিটিভ সেন্সর থাকায় টাইপের সময় টাচপ্যাডটি স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর অবস্থায় থাকবে। প্রতিষ্ঠানটি স্পেস বারটিকে স্পর্শ সংবেদন এবং অটোকমপ্লিট সুবিধা যুক্ত করার চিন্তা করছে বলেও জানিয়েছে।

এই কিবোর্ড ভিত্তিক আলট্রাবুকগুলো ২০১৩ সাল থেকে পাওয়া যাবে বলে জানিয়েছে সিনাপটিক্স