জি-মেইলে যোগ হচ্ছে অনুবাদ সুবিধা

(প্রিয় টেক) গুগলের ইমেইল সেবা জিমেইলে এবার যোগ হচ্ছে অনুবাদ সুবিধা। জিমেইল ব্যবহারকারীরা তাদের মেইল অ্যাকাউন্টে ভিন্ন ভাষার কোন মেইল আসলে তা নিজের পছন্দ মতো ভাষায় বদলে নিতে পারবেন। আর একবার বদলে নিলে তা স্বয়ংক্রিয়ভাবে বদলে যাবে এবং প্রতিটি ভিন্ন ভাষার মেইল অনুবাদ করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করবে।

২০০৯ সালে গুগল তার গুগল ট্রান্সলেট সেবাটি চালু করে। আর এর মাধ্যমেই জি-মেইল ব্যবহারকারীরা নতুন এই সুবিধা পাবেন। গুগলের নিজস্ব ব্লগের মাধ্যমে এসব কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, যদি আপনি সবসময় নিজের ভাষায় অনূদিত ম্যাসেজ পড়তে চান তাহলে ট্রান্সলেট অপশনে ক্লিক করুন। আর যদি কখনো তা না আসে তাহলে রিপ্লাই অপশনের পাশে যে তীর চিহ্ন দেয়া আছে সেখান থেকে আপনার পছন্দমতো ভাষা বেছে নিয়ে নিজের ভাষায় ব্যবহার করুন জিমেইল।
তবে এখনো সব দেশে এবং ভাষায় অনুবাদ সুবিধা চালু করতে পারেনি গুগল। গুগল ল্যাবে প্রতিদিনই এ নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।











