স্মার্ট ফোনে আলিঙ্গনের অনুভূতি দেবে রোবট হাগভি

PriyoTech's picture

(প্রিয় টেক) পরিবার থেকে দূরে থাকার কারণে সবসময়ই পারিবারিক উষ্ণতার অভাব বোধ করেন? এমন অনেকের জন্যই জাপানি রোবট বিজ্ঞানী এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিরোশি ইশিগুরো তৈরি করেছেন হাগভি নামের এক ধরনের রোবট। ফোনে কথা বলার সময় রোবটগুলো জড়িয়ে ধরে রাখলে তা আপনাকে প্রিয়জনকে আলিঙ্গনের অনুভূতি দেবে।

মূলত হাগভি রোবটটি বিশালাকৃতির বালিশ। বিভিন্ন উজ্জ্বল রংয়ের এসব রোবটে রয়েছে একটি পকেট যেখানে আপনি আপনার স্মার্ট ফোন বা হ্যান্ড সেটটি রাখতে পারবেন। রোবটের পকেটে রেখেই আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন ফোনে।

আর কথা বলার মাঝেই কখনো কেপে উঠে বা অপর প্রান্তের কণ্ঠস্বরের সাথে তাল মিলিয়ে আপনার প্রিয়জনকে জড়িয়ে ধরে কথা বলার অনুভূতি দেবে হাগভি। কথা বলতে বলতে টের পাবেন প্রিয় মানুষটির হৃৎস্পন্দন।

আর এর জন্য হাগভি রোবটগুলোতে রয়েছে একটি মাইক্রো কন্ট্রোলার এবং দুটি ভাইব্রেটিং ডিস্ক। ভাইব্রেটিং ডিস্কগুলো মূলত অপর প্রান্তের কণ্ঠস্বর শুনে অনুভূতির সাথে মিলিয়ে কম্পনের সৃষ্টি করে।

বর্তমানে শিশু এবং অপেক্ষাকৃত বড়দের লক্ষ্য করে এসব রোবট তৈরি করা হয়েছে। রোবটটির নির্মাতা ইশিগুরো জানান, ‘হাগভির একেবারেই প্রাথমিক সংস্করণ এটি। একে আরও কিভাবে উন্নত করা যায়, নতুন নতুন কি প্রযুক্তি ব্যবহার করে আরও দৃঢ় অনুভূতি প্রদান করা যায়, তা নিয়েই কাজ করছি আমরা’।

টোকিওর ভিস্টোন রোবট সেন্টারে পাওয়া যাচ্ছে হাগভি রোবট। একটি হাগভির দাম রাখা হয়েছে ৬০ ডলার।