তিন হাজার ডলারের সুইস আর্মি নাইফ!

(প্রিয় টেক) যুগ বদলের সাথে সাথে গ্যাজেটের ধারণাও বদলে গেছে। কিন্তু তাঁর মাঝেও কিছু কিছু ক্ল্যাসিক বিষয় থাকে, যা ঘুরে ফিরে মানুষের পছন্দের তালিকায় রয়েই যায়। তেমনি এক গ্যাজেট সুইস আর্মি নাইফ, যা সংগ্রহ করার বাতিক আছে অনেকেরই। আর আপনার পছন্দের নাইফের সাথে যদি থাকে প্রয়োজনীয় তথ্য গুছিয়ে রাখার সুবিধা, তাহলে কেমন হয়!

এমনই এক নতুন স্টোরেজ ড্রাইভ নিয়ে এল ভিক্টরিনক্স। প্রতিষ্ঠানটি মূলত মাল্টিব্লেডেড সুইস আর্মি নাইফ তৈরির জন্য বিখ্যাত। ভিক্টরিনক্সের নতুন এই এসএসডি প্রোডাক্টটি ১ টেরাবাইট স্টোরেজ সম্পন্ন (ইউএসবি ২.০) ।
এর সাইজ সাধারণ থাম্ব ড্রাইভের মতই, তবে বেশ কিছু আলাদা সুবিধা দেবে এটি। থাম্ব স্টোরেজ ড্রাইভগুলি সাধারণত আট, ছয় বা বত্রিশ গিগাবাইট সাইজের হয়ে থাকে। যখনই এর চেয়ে অনেক বেশী যায়গার দরকার হয়, বিপত্তিটা বাঁধে তখনই। স্টোরেজ অনেক বেশী হলে বেড়ে যায় ড্রাইভের সাইজও,যা খুব বিরক্তিকর। কিন্তু ভিক্টরিনক্স এর এই ড্রাইভটির স্টোরেজ বিশাল হলেও এটি আকৃতিতে এত ছোট যে তা হাতের মুঠোয় রাখা যাবে।
ছোট্ট একটা সুইস আর্মি নাইফের আদলে তৈরি এই ড্রাইভটির ভেতরে ব্যবহার করা হয়েছে সলিড স্টেট ডিভাইস। এই ডিভাইসে প্রয়োজনীয় যে কোন তথ্য, গান, ছবি ইত্যাদি নিরাপদে রাখার ব্যবস্থা রয়েছে। এজন্য এই ড্রাইভে রয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এনক্রিপশন করার ব্যবস্থা।

লাল রঙের এই ড্রাইভে সাধারণ আর্মি নাইফের মত ব্লেড, কাঁচি, নেইল ফাইল, স্ক্রুড্রাইভার সবই থাকবে।
আপনি যদি প্রচুর পরিমাণ তথ্য ছোট্ট কিন্তু নিরাপদ কোথাও স্টোর করতে চান, তাহলে আপনার জন্য চমৎকার অপশন এই সুইস নাইফ। ছোট্ট এই এসএসডি ড্রাইভটি বেশ কাজের এবং শৌখিনও বটে! তবে এই স্টোরেজের দামটা একটু বেশীই। এর মূল্য প্রায় ৩০০০ ডলার।













