এ মুহূর্তের চ্যালেঞ্জ বাংলাদেশ টেলিভিশনকে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা -ইনু

(প্রিয় টেক) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়েই দেশ দুর্নীতি, মৌলবাদ ও জঙ্গিবাদ মুক্ত করতে হবে। এখন ক্ষমতা প্রবাহিত হয় মাউসের টোকায় -এ কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটিয়েই জনগণের ক্ষমতায়ন বাড়াতে হবে। তথ্যমন্ত্রী বলেন, জনগণ যত ক্ষমতার অধিকারী হবে ততই স্বৈরাচার ও দুর্নীতির দিন শেষ হবে।
হাসানুল হক ইনু গতকাল সোমবার পৌনে ১২টায় রাজধানীর রামপুরাস্থ টেলিভিশন ভবনে বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে আয়োজিত ‘ডিজিটাল টেরিস্ট্রিয়াল টিভি ব্রডকাস্টিং’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত তথ্য সচিব খলিলুর রহমান।
আমাদের এ মুহূর্তের চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ টেলিভিশনকে অ্যানালগ থেকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা’- এ কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ সংস্থাকে ডিজিটালাইজড করার জন্য প্রযুক্তিগত সকল সমস্যার সমাধানে বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, অনেকে ডিজিটালাইজেশনের বিষয়টিকে জটিল মনে করে। কিন্তু বাঁশের লাঠি হাতে নিয়ে যে বাঙ্গালী মুক্তিযুদ্ধ শুরু করেছিল তারাই বন্দুক ও কামান চালিয়ে যুদ্ধ শেষ করেছে, দেশ স্বাধীন করেছে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই অসম্ভবকে সম্ভব করেছে। ৯ মাসের মুক্তিযুদ্ধের অসম্ভবকে সম্ভব করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।
এ দেশের জনগণের পক্ষে সবকিছুই করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত নিশ্চয়তা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেই অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটিয়েই বিটিভিকে ডিজিটাল করতে হবে।
তথ্যমন্ত্রী বিটিভিকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরে যা কিছু করা দরকার তা করার ব্যাপারে তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
হাসানুল হক ইনু বলেন, বিশ্বের তথ্য প্রযুক্তির মহাসড়কে সংযুক্ত হতে হলে আমাদেরকে অবশ্যই প্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরের ক্ষেত্রে ৪টি পদ্ধতি রয়েছে। এ সংস্থাকে ডিজিটালাইজড করতে কোন পদ্ধতি প্রয়োগ ভাল হবে তা বিটিভির কারিগরি কমিটিকেই সিদ্ধান্ত নিতে হবে।
বিটিভিকে ডিজিটালে রূপান্তর করতে সরকারের সহযোগিতা বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সৌজন্যে: বণিক বার্তা













