জাপানে অবৈধ ডাউনলোড করলেই জেল!

(প্রিয় টেক) ইন্টারনেট থেকে অবৈধ উপায়ে ফাইল ডাউনলোড করলেই এবার শাস্তি পাবে জাপানের নাগরিকেরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয় জাপানের ইন্টারনেট সেবা ব্যবহার করে যারা অবৈধভাবে গান অথবা কোনো ফাইল ডাউনলোড করবে তাদের হয় ২ মিলিয়ন জাপানি ইয়েন [২৫ হাজার ৭০০ ডলার] নগদ অর্থ জরিমানা অথবা সর্বোচ্চ দুই বছর জেলে থাকতে হবে।
যদিও ২০১০ সাল থেকে এভাবে ডাউনলোড অবৈধ থাকলেও আজ পর্যন্ত কাউকেই শাস্তির আওতায় আনা হয়নি। প্রতিবেদন মতে, জাপানি সংগীত শিল্পের অনেক কর্মকর্তার তদবিরের কারণেই এতদিন এটা আটকে ছিলো।
বিক্রয় পরিসংখ্যান হিসেবে মিউজিক বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের পর পরই জাপানের অবস্থান। ২০১০ সালে জাপানে বৈধভাবে মিউজিক এবং ভিডিও ডাউনলোডের পরিমাণ ছিলো মাত্র ৪৪০ মিলিয়ন কপি। আর তার বিপরীতে অবৈধ ডাউনলোডের পরিমাণ ছিলো ৪.৩৬ বিলিয়ন কপি।
তবে সময়ের তাগিদেই এবার এ নতুন আইন হতে যাচ্ছে বলে জানালেন একজন আইন কর্মকর্তা। তিনি জানান অনুমতি ছাড়া মিউজিক ফাইল যেই আপলোড করবে তাদের শাস্তি হবে কম করে হলেও ১০ বছরের জেল অথবা ১০ মিলিয়ন ইয়েন জরিমানা।










