আসছে নিন্টেনডো উইই ইউ

PriyoTech's picture

(প্রিয় টেক) জাপানের বিখ্যাত গেম কনসোল নির্মাতা নিন্টেনডো সম্প্রতি তার আগামী প্রজন্মের উই ইউ কনসোলটি উন্মোচন করেছে। ডিভাইসটি মার্কিন বাজারে ১৮ নভেম্বর, ইউরোপের বাজারে ৩০ নভেম্বর এবং জাপানে ৮ ডিসেম্বরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। সময়টা গেম কনসোল বের করার জন্য একদম আদর্শ। এই মুহূর্তে বাজারে নতুন কোন গেম কনসোল নেই এবং অন্য কেউ বের করার কোন ঘোষণাও শোনা যাচ্ছে না। সেই কবে মাইক্রোসফট এবং সনি তাদের কনসোলগুলো বের করেছে তার পর সব চুপচাপ। গেমাররা এক্সবক্সের এবং প্লেস্টেশনের নতুন সংস্করণের আশায় আশায় বসে থেকে হতাশ হয়ে পড়েছে। আর এই মুহূর্তে যা সামনে আনা হবে তাই জনপ্রিয়তা পাবে বলেই ধারণা করা যাচ্ছে। যেমনটা পেয়েছিল নিন্টেনডো উইই।

একটি গেমপ্যাড, একটি সেন্সর বার এবং ৮ গিগাবাইট আভ্যন্তরীণ স্টোরেজ সহ নিন্টেনডোর চিরাচরিত সাদা রঙের প্রারম্ভিক সংস্করণটির মূল্য $২৯৯ মার্কিন ডলার। এছাড়া কালো রঙের হার্ডওয়্যার এবং ৩২ গিগাবাইট স্টোরেজ সহ একটি ডিলাক্স সেটও পাওয়া যাবে। এই সংস্করণটির মূল্য পরবে $৩৫০ মার্কিন ডলার, সাথে অবশ্য পাচ্ছে গেমপ্যাড চার্জ করার জন্য একটি চার্জিং ডক এবং কনসোলটি দাড় করিয়ে রাখার জন্য একটি স্ট্যান্ড এবং একটি গেম।

হার্ডওয়্যার:
সত্যি কথা বলতে কি নিন্টেনডোর গেমপ্যাড নামক কন্ট্রোলারটি যতটা আগ্রহ সৃষ্টি করতে সক্ষম ততটা পারেনি কনসোলটি। অনেকটা উইই এর মত বাক্স আকৃতির দেখতে উইইইউ। ১০" লম্বা, ৬.৮" প্রশস্ত এবং ১.৫" স্থূল এবং ওজন ৩.৪ পাউন্ড।

কনসোলের স্পেক এরকম:

  • আইবিএম পাওয়ার ৭ ভিত্তিক মাল্টিকোর প্রসেসর
  • বিশেষভাবে নির্মিত এএমডি র‍্যাডিওন হাই-ডেফিনিশন গ্রাফিক্স
  • ৮/৩২ গিগাবাইট আভ্যন্তরীণ এসএসডি, এসডি কার্ড এবং বাহ্যিক ইউএসবি ড্রাইভ ব্যবহারের সুবিধা
  • ৮০২.১১ এ/বি/জি/এন ওয়াইফাই, অপশনাল ইথারনেট সংযোগ
  • চারটি ইউএসবি ২.০ পোর্ট, একটি এসডি কার্ড স্লট, এভি মাল্টি-পোর্ট, এইচডিএম আই এবং এনএফসি
  • ছয়-চ্যানেল বিশিষ্ট পিসিএম লিনিয়ার অডিও আউটপুট অথবা অ্যানালগ আউটপুট

কন্ট্রোলার:
এই গেম কনসোলটির মূল আকর্ষণ হচ্ছে এর ট্যাবলেট আকৃতির গেমপ্যাড। উইইইউ গেমপ্যাড
নামে পরিচিত এটি অনেকটা ট্যাবলেট এবং কনসোল গেম কন্ট্রোলারের সমন্বয়ে নির্মিত। ৬" পর্দার দুইধারে রয়েছে দুটি অ্যানালগ স্টিক, একটি ডাইরেকশনাল প্যাড, চারটি ফেস বাটন এবং ট্রিগার/শোল্ডার বাটন।

কন্ট্রোলারটি দেখতে বিশাল বলে মনে হলেও ছোটদের ধরার উপযোগী এবং হালকা ওজনের। কিন্তু প্লাস্টিকটি দেখলে নিম্নমানের বলে মনে হয়। প্রতিটি উইইইউ এর সাথে একটি করে এই কন্ট্রোলার থাকবে, মূল কনসোলটি একই সাথে দুইটি কন্ট্রোলারের সাথে কাজ করবে বলে উল্লেখ করলেও একক ভাবে কন্ট্রোলারটি ক্রয় করা যাবে কিনা সে ব্যাপারে কোন তথ্য এখনো জানায় নি। ট্যাবলেট এবং গেম কন্ট্রোলারকে একত্রিত করার প্রচেষ্টা এটাই প্রথম নয়। ইতোপূর্বে আমরা উইকিপ্যাড সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। এই গেমপ্যাডটি অনেকটা একই ধরণের দেখতে।

ম্যাস ইফেক্ট, জোম্বিইউ এবং ব্ল্যাক অপস টু এর মত গেমগুলো খেলার সময় কন্ট্রোলারটি পিসএস থ্রি বা এক্সবক্স ৩৬০ এর কন্ট্রোলারের মতই ব্যবহার করা যাবে। তবে কন্ট্রোলারটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেশ কিছু গেম টেলিভিশন ছাড়াই আপনি শুধু কন্ট্রোল প্যাডের স্ক্রিন ব্যবহার করেই খেলতে পারবেন। এই মুহূর্তে এই কন্ট্রোলারের মাধ্যমে আর কিছু করা যায় কিনা সে ব্যাপারে কোন তথ্য পাওয়া যায় নি। তবে ব্ল্যাক অপস টু এর ক্ষেত্রে স্প্লিট স্ক্রিনে খেলার বদলে একজন খেলোয়াড় কন্ট্রোলার এর স্ক্রিন ব্যবহার করে এবং অন্যজন টেলিভিশন পর্দা ব্যবহার করে খেলতে পারবে।

গেমপ্যাড এর স্পেকঃ

  • ৬.২", ৮৫৪x৪৮০-পিক্সেল ১৬:৯ ডিসপ্লে
  • টাচ কন্ট্রোল, একক-ইনপুট, আঙ্গুল অথবা স্টাইলাস
  • বিল্ট-ইন স্টেরিও স্পিকার এবং মাইক
  • অ্যাকসেলেরোমিটার, জাইরোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, সেন্সর বার এবং এনএফসি

নিন্টেনডো টিভি (ii) এবং বিনোদন অ্যাপ:
নিন্টেনডো এবার তার গেমিং কনসোলের সাথে বেশ কিছু স্ট্রিমিং এবং লাইভ ভিডিও অ্যাপ উপহার দিচ্ছে। রয়েছে নেটফ্লিক্স, হুলু প্লাস এবং অ্যামাজন এর তাৎক্ষনিক ভিডিও সমর্থন এবং টিভো ব্র্যান্ডের ডিভিআর নিয়ন্ত্রণের সুবিধা। এছাড়া লাইভ টিভির অপশনও থাকছে।

ব্যাকওয়্যার্ড সমর্থন:
পুরনো হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে সমর্থন করবে উইই ইউ। অতএব আপনার পুরনো উইই প্রো কন্ট্রোলার, উইই রিমোট, রিমোট প্লাস, উইই নানচাক এবং ক্লাসিক কন্ট্রোলার এবং ব্যালান্স বোর্ড নতুন কনসোলের সাথে অনায়াসে ব্যবহার করতে পারবেন।