ফোরকে টিভি নিয়ে এলো সনি

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রযুক্তি জগতটা এত অদ্ভুত এবং গতিশীল যে এর সাথে তাল মিলিয়ে চলতে চাওয়া অনেক সময় কষ্টসাধ্য এবং বোকামি বলে মনে হতে পারে। এই সেদিন বিশ্বের সবচেয়ে বড় ৪কে রেজ্যুলুশনের টিভি বের করে দক্ষিণ কোরিয়ার এলজি। সে সময় তারা একে সবচেয়ে বড়, প্রথম, একমাত্র ইত্যাদি রূপে তাদের টিভির জয়গান করে, কিন্তু দেখুন মাত্র কয়েকদিনের মধ্যেই তার প্রতিদ্বন্দ্বী চলে এলো। এলজির পরে ৪কে রেজ্যুলেশনে টিভি নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত টিভি নির্মাতা সনি। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১২ মেলায় নতুন এই টিভির ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। ব্রাভিয়া কেডি-৮৪X৯০০৫ নামক মডেলটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান প্রধান নির্বাহী কাজ হিরাই স্বয়ং।

টেলিভিশনটির ছবি এত পরিষ্কার যে তা ছুঁতে ইচ্ছা করে বলে জানিয়েছে এনগ্যাজেট। সাইটটির সূত্রে জানা গিয়েছে বিশালাকারের এই টেলিভিশন আকৃতি অপেক্ষা ক্ষীণকায় এবং টিভিটির দুই পার্শ্বে দুটি স্পিকার রয়েছে। নিয়ন্ত্রক বাটনগুলো টিভিটি নিচের দিকে অবস্থান করছে।

তবে ফোরকে টিভি হওয়া সত্ত্বেও সনির টিভির রেজ্যুলুশন ৩৮৪০X২১৬০ (এলজি ৪০৯৬ x ৩০৭২ পিক্সেল), ছবি রেন্ডারিং এর জন্য থাকছে সনির বিখ্যাত এক্স-রিয়েলিটি প্রো ইঞ্জিন এবং ঘরকে সিনেমা থিয়েটারে পরিণত করার জন্য ১০ ইউনিট লাইভ স্পিকার সিস্টেম। এবং টিভিটি আপনার অতিপুরনো ভিডিওগুলোকে প্যাসিভ ত্রিমাত্রিক এইচডি ছবিতে পরিণত করতে সক্ষম।

এই মুহূর্তে মূল্য সম্পর্কে কোন তথ্য না পাওয়া গেলেও পকেটলিন্ট ২০ হাজার ইউরো বলে ধারণা করেছে।