অবশেষে বাজারে এলো এলজি ৮৪" টেলিভিশন

PriyoTech's picture

(প্রিয় টেক) অবশেষে বহুল প্রতীক্ষিত ৮৪" ৮৪এলএম৯৬০০ মডেলের টেলিভিশন নিজ দেশের বাজারে ছাড়লো দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। টেলিভিশনটি বিশ্বের বৃহত্তম আলট্রা-ডেফিনিশন প্রযুক্তির (ইউডি) টেলিভিশন হিসেবে পরিচিত। ৮৪" (২১৩ সেন্টিমিটার) হবার কারণে টিভিটি জাপানি নির্মাতা শার্প এর ৯০" মডেল অপেক্ষা ছোট্ট হিসেবে বিবেচিত হলেও ৪কে রেজ্যুলেশন অর্থাৎ ৪০৯৬ x ৩০৭২ পিক্সেল বা আরো সহজ ভাবে বললে ১২.৬ মেগাপিক্সেল ছবি দেখাতে সক্ষম।

এলজি এই নতুন টেলিভিশনের জন্য যে প্যানেলটি ব্যবহার করেছে তা ফ্রেম প্রতি ৮ মিলিয়ন পিক্সেল দেখাতে সক্ষম, যা বর্তমান এইচডি টেলিভিশনের ১০৮০ পি প্রযুক্তি অপেক্ষা ৪ গুণ।

তোশিবা ফোরকে প্রযুক্তি ভিত্তিক ৫৫" মাপের আর প্যানাসনিক ২০" মাপের টেলিভিশন বিক্রি করছে। সনি ও স্যামসাং শিগগিরই এ প্রযুক্তির টেলিভিশন বাজারে আনবে। এলজি মূলত স্যামসাংয়ের সাথে পাল্লা দেবার জন্য এই প্রযুক্তি ভিত্তিক টিভি বাজারে আনার জন্য ব্যস্ত হয়ে পরেছে এবং আশা করছে বাজারের একটা বড় অংশ অন্যরা আনার আগেই সে দখল করতে পারবে।

২৫ মিলিয়ন ওন বা $২২,১০৫ মার্কিন ডলার মূল্যের এই টেলিভিশন বিশ্ববাজারে পাওয়া যাবে সেপ্টেম্বর মাস থেকে।

প্রযুক্তির বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে টেলিভিশন বিক্রির দিক থেকে বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজি। প্রথম স্থানটি স্থানটি বর্তমানে দখল করে রেখেছে স্যামসাং।

বিশ্ব এখন ৪কে এবং ৮কে প্রযুক্তির দিকে অগ্রসর হলেও এই রেজ্যুলেশনের ভিডিও পাওয়া অসম্ভব একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জাপানে এই প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করা হয় এবং বিবিসি এ বছর অলিম্পিক অনুষ্ঠান এই প্রযুক্তি ক্যামেরা ব্যবহার করে ভিডিও ধারণ এবং সম্প্রচার করেছে।