অ্যামাজনের কিন্ডল এ প্রথম বাংলা ই-বুক!

(প্রিয় টেক) স্টারহোস্ট আইটি লিমিটেড বাংলা সাহিত্যকে বিশ্বের সকল বাংলা ভাষা-ভাষী মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই প্রথম বেশ কিছু জনপ্রিয় উপন্যাসকে লেখকের অনুমোদন নিয়ে ই-বুক আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিখ্যাত ঔপন্যাসিক ডঃ মুহম্মদ জাফর ইকবাল এর দুইটি পাঠক প্রিয় কিশোর উপন্যাস 'আমার বন্ধু রাশেদ' এবং 'রাতুলের রাত রাতুলের দিন' অ্যামাজনের কিন্ডল এর জন্য বিশেষভাবে প্রকাশ করা হল। স্টারহোস্ট মনে করছে এই উদ্যোগের মাধ্যমে দেশে এবং বিশেষ করে প্রবাসী বাঙালীদের মাঝে বাংলা ভাষায় সাহিত্য চর্চার এক নতুন দুয়ার উন্মুক্ত হবে।

ডিজিটাল সংস্করণের উপর লেখক এবং প্রকাশকদের মধ্যে বরাবরই পাইরেসি সংক্রান্ত ভীতি কাজ করে থাকে। বিভিন্ন ওয়েবসাইটে যে সকল স্ক্যানকৃত ই-বুক পাওয়া যায় তার অধিকাংশই লেখকের অনুমতি ব্যতিরেকে প্রকাশ করা হয়ে থাকে। এর ফলে লেখকগণ যেমন তাদের সম্মানী পাচ্ছেন না, তেমনি স্ক্যানের মান খারাপ হবার কারণে পাঠকও পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। ফলে ই-বুকের উপর লেখক ও পাঠকদের মনে ভুল ধারনার সৃষ্টি হচ্ছে। এই প্রতিকূল প্রেক্ষাপটে জাফর ইকবাল তার বইগুলো ই-বুকে রূপান্তরের সুযোগ দেবার মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
ই-বুক পড়ার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন কিন্ডল। পাইরেসি প্রতিরোধ করা এবং কনটেন্টের মান বজায় রেখে পাঠকদের কাছে ই-বুক পৌঁছে দেয়ার জন্য স্টারহোস্ট তাই এবার কিন্ডলকে বেছে নিয়েছে।

প্রতিষ্ঠানটি ইতোপূর্বে আইফোন এবং আইপ্যাড অর্থাৎ জনপ্রিয় স্মার্টফোনের প্রথম বাংলা ডিজিটাল ই-বুক অ্যাপও প্রকাশ করে। প্রতিষ্ঠাণটি আশা করছে এর মাধ্যমে বাংলাদেশের লেখকদের মাঝে পাইরেসি সংক্রান্ত ভয়ভীতি নির্মূল হবে এবং বাংলা পাঠক খুব সহজেই ই-বুকের মাধ্যমে বাংলা সাহিত্য চর্চা করতে পারবেন। স্টারহোস্টের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রকাশনা শিল্পে নতুন বিপ্লব ঘটলো; বাংলাদেশে শুরু হল 'ডিজিটাল প্রকাশনা'র যুগ।
খুব শীঘ্রই জনপ্রিয় স্মার্টফোন অ্যানড্রয়েড, নোকিয়া ও উইন্ডোজ মোবাইল এর জন্য ই-বুক প্রকাশ করা হবে বলে আশা করছে স্টারহোস্ট।

ই-বুক এর ব্যাপারে ডঃ মুহম্মদ জাফর ইকবাল যথেষ্ট আশাবাদী। তিনি মনে করেন বই ছাপাতে যে গাছ কাটতে হয় তা অনেকাংশেই কম হবে, যখন আমাদের অধিকাংশ বইগুলো ই-বুক হয়ে যাবে। এতে করে যেমন প্রকৃতির উপকার হবে পাশাপাশি আমরা নতুন টেকনোলোজিকেও আয়ত্ব করতে পারব।
কিন্ডলের জন্য ইবুক প্রকাশনার ব্যাপারে স্টারহোস্টের প্রধান নির্বাহী কাজী জাহিদ বলেন, "আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা-র লিখনি বিশ্ববাসীর কাছে সহজ প্রাপ্য করতে স্টারহোস্ট একান্তভাবে কাজ করে যাচ্ছে। এখনই অ্যাপল ও আমাজনের মার্কেটপ্লেসে বাংলা সাহিত্য নিজের জায়গা করে নিয়েছে। দেশের এই নতুন সম্ভাবনাকে এগিয়ে নিতে স্টারহোস্ট পরিবার লেখক ও পাঠক সবার সমর্থন আশা করে।"
ডাউনলোডের জন্য ভিজিট করুন এই লিঙ্কে।
ডাউনলোড লিংক
আমার বন্ধু রাশেদ
রাতুলের রাত রাতুলের দিন















