মুখ ঝাপসা করার প্রক্রিয়া যুক্ত করলো ইউটিউব

(প্রিয় টেক) সংবাদ সৃষ্টি করতে সক্ষম এমন সকল ভিডিও আজকাল টেলিভিশনে সম্প্রচার হবার আগেই ইউটিউবে আপলোড হয়ে যাচ্ছে। গুগল ব্যাপারটা লক্ষ্য করেছে এবং একে আনন্দের সাথে গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে। সম্প্রতি এক ব্লগ পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে এ ধরণের পাবলিক অনুষ্ঠান এবং সংবেদনশীল ভিডিও যেন ব্যবহারকারীরা নির্দ্বিধায় আপলোড করতে পারে সেজন্য মুখমণ্ডল ঝাপসা করে দেবার প্রযুক্তি যুক্ত করতে চলেছে।

মুখমণ্ডল ঝাপসা করে দেবার ব্যাপারটা অত্যন্ত সহজ। ইউটিউব এ আপনার অ্যাকাউন্টে লগইন করে "ভিডিও ম্যানেজার" নির্বাচন করুন। ভিডিওটির ডান দিকে এডিট বাটন রয়েছে, পরবর্তী পেজে "ইনহ্যান্সমেন্ট" অপশন এ ক্লিক করুন। এরপর "অ্যাডিশনাল ফিচার" পছন্দ করলে পাবেন ফেস ব্লারিং টুলটি। এখানে 'অ্যাপ্লাই' বাটনে ক্লিক করার মধ্যে দিয়ে ভিডিওর প্রতিটি মুখকে ঝাপসা করে ফেলতে পারবেন।
দুঃখের বিষয় টুলটি এখনো সেরকম দক্ষ না হবার কারণে কিছু ভুলভাল হয়ে যেতে পারে। এছাড়া টুলটি আপনাকে নির্দিষ্ট কিছু মুখকে ঝাপসা করার সুবিধাও প্রদান করেনা। অর্থাৎ, আপনি যদি ভিডিওর চারটি মুখ বাদে বাকি মুখগুলো ঝাপসা করতে চান তাহলে তা সম্ভব নয়। তবে ভিডিওটি সেভ এবং প্রকাশ করার আগে কেমন দেখাবে তা আগে থেকে দেখতে পারবেন।













