সিগমার ৪৬ মেগাপিক্সেল সমৃদ্ধ কম্প্যাক্ট ক্যামেরা ডিপি ১ মেরিল

(প্রিয় টেক) ডিপি ১ মেরিল নামক কম্প্যাক্ট ক্যামেরাটি বের করার ঘোষণা সিগমা এ বছরের শুরুতে দিয়েছিল। এর পর একে একে পার হয়ে গিয়েছে অনেক কয়টি মাস, এক হিসেবে বছরটাই প্রায় শেষ হতে চললো। এতদিনে প্রতীক্ষার অবসান ঘটলো বলে মনে হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময় ৪৬ মেগাপিক্সেলের এই ক্যামেরাটি বাজারে আসবে বলে জানিয়েছে সিগমা।

সিগমা নামটা অনেকের কাছে অপরিচিত মনে হলেও প্রতিষ্ঠানটি এসএলআর ক্যামেরার লেন্স নির্মাণ করে আসছে বেশ অনেক কয়েক বছর যাবত (সেই ১৯৬১ সাল থেকে)। সাধারণত ক্যানন, নিকন, পেনট্যাক্স, সনি, অলিম্পাস এবং প্যানাসনিক ব্র্যান্ডের এসএলআর ক্যামেরার জন্য তুলনামূলক ভাবে সাশ্রয়ী মূল্যের লেন্স সরবরাহ করে জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।
ডিপি ১ ক্যামেরাটি প্রথম বের হয় ২০০৬ সালে। ক্যামেরাটি বিশ্বের সর্বপ্রথম এপিএস-সি সেন্সর সমৃদ্ধ কম্প্যাক্ট ক্যামেরা। এই সেন্সর থাকায় ক্যামেরাটি ডিজিটাল এসএলআর মানের ছবি তুলতে সক্ষম বলে উল্লেখ করা হয়।
এরই উন্নত সংস্করণ ডিপি ১ মেরিল। সিগমা ফোভিওন এক্স থ্রি নামক ইমেজ সেন্সর ব্যবহার করে। ফোভিওন এর প্রতিষ্ঠাতা ছিলেন ফোভিওন মেরিল (১৯৪৯-২০০৮)। তিনি একজন দক্ষ প্রকৌশলী এবং স্থিরচিত্রগ্রাহক। তার স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য সিগমা এই ক্যামেরার নাম রেখেছে ডিপি ১ মেরিল।
৪৬ মেগাপিক্সেল ছাড়াও এই ক্যামেরাটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, টেলিসেন্ট্রিক ১৯ মিমি এফ ২.৮ লেন্স, প্রক্রিয়াকরণের গতি এবং ছবির মান উল্লেখজনক ভাবে উন্নত করার জন্য ট্রু টু ইঞ্জিন, 'র' এবং 'জেপেগ' ফরম্যাট স্থিরচিত্র ধারণ, ম্যানুয়াল ফোকাস সুবিধা, নাইন পয়েন্ট সিলেক্ট মুড থাকায় সহজ অটোফোকাস এবং বাহ্যিক ফ্ল্যাশগান ব্যবহার করার সুবিধা।
ক্যামেরাটির মূল্য ৯৯৯ মার্কিন ডলার বলে জানিয়েছে সিগমা।










