৮কে রেজ্যুলেশনে ছবি সম্প্রচার স্ট্যান্ডার্ড অনুমোদন করলো জাতিসংঘ

(প্রিয় টেক) সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ ফোরকে এলসিডি টিভি বের করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি। সে সময় আমরা বিশ্ব যে ধীরে ধীরে ৮কে রেজ্যলুশনের দিকে যাচ্ছে সে কথা বলেছিলাম। সম্প্রতি বিশ্ব সে পথে আরেক ধাপ এগুলো। জাতি সংঘের টেলিযোগাযোগ সংক্রান্ত অনুমতি প্রদানকারী সংস্থা আইটিইউ এই উচ্চ-উজ্জ্বলতার (হাই-রেজ্যুলুশন) টেলিভিশন ফরম্যাটটি অনুমোদন দিয়েছে।

৮কে অনুষ্ঠান সম্প্রচার করলে দর্শকরা পাবে ৭৬৮০X৪৩২০ পিক্সেল বা ৩২ মেগাপিক্সেল ছবির সমতুল্য। যা বর্তমান বাজারে পাওয়া যায় এমন এইচডি টিভিগুলো অপেক্ষা ১৬ গুণ উজ্জ্বল।
জাপানি টিভি সম্প্রচারকারী এনএইচকে এ বছর লন্ডন অলিম্পিক এ এই প্রযুক্তি দর্শকদের সামনে উপস্থিত করলে দর্শকরা অনুষ্ঠানে অবস্থান করার অনুভূতি উপভোগ করেছেন বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি এই মুহূর্তে সুপার হাই-ভিশন নামে তিনটি ক্যামেরা তৈরি করেছে।
ক্যামেরাগুলো ১২০ এফপিএস এ ভিডিও ধারণ করতে সক্ষম। বর্তমানে এইচডি টিভি অনুষ্ঠান করার জন্য বিবিসি যে ক্যামেরা ব্যবহার করে তা ২৫ এফপিএস এ ভিডিও ধারণ করতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এক প্রতিবেদনে বিশ্লেষক জোনাথন ডোরান নতুন প্রযুক্তিটি হাই ডেফিনিশন প্রযুক্তির পরবর্তী প্রজন্ম এবং ত্রিমাত্রিক প্রযুক্তি অপেক্ষা গুরুত্বপূর্ণ উদ্ভাবন বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU) মে মাসে এই প্রযুক্তি স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা চালায় এবং সম্প্রচারকদের কাছে আপত্তি থাকলে তা জানানোর অনুরোধ জানায়। কেউ আপত্তি না জানালে গত সপ্তাহে এই ফরম্যাটকে অনুমোদন প্রদান করে প্রতিষ্ঠানটি।
এনএইচকে তার ক্যামেরায় তোলা দৃশ্যগুলো প্রদর্শনের জন্য প্যানাসনিকের সহায়তায় ১৪৫" আকৃতির একটি প্রোটোটাইপ ডিসপ্লে তৈরি করে এবং দর্শকদেরকে দেয় এই অভাবনীয় রেজ্যুলুশনে খেলা উপভোগের অভিজ্ঞতা।
তবে প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সহজলভ্য হতে আরো কয়েক বছর লেগে যাবে বলে জানা গিয়েছে।
টেলিভিশন নির্মাতারা এই মুহূর্তে ফোরকে রেজ্যুলুশনে টিভি বের করার ব্যাপারে বেশি মনোযোগ প্রদান করছে। এছাড়া বেশিরভাগ ডিজিটাল সিনেমা ক্যামেরাতে এই ফরম্যাটটি সহজলভ্য। তবে ২০২০ সালের মধ্যে ক্যামেরা নির্মাতারা ৮কে (৮হাজার) সিনেমা ক্যামেরা বাণিজ্যিকভাবে উৎপাদন করবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া এনএইচকে ২০২০ সাল থেকে এই ফরম্যাটে টিভি অনুষ্ঠান পরীক্ষামূলক ভাবে সম্প্রচার শুরু করবে বলে উল্লেখ করেছে।

তবে প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের প্রধান বিশ্লেষক পল ও'ডনোভান এর মতে প্রযুক্তিটি সর্বসাধারণের হাতের নাগালে পৌঁছুতে পৌঁছুতে একযুগ পেরিয়ে যাবে। তার মতে এই প্রযুক্তি পণ্যের মূল্য $১০ হাজার ডলারের নিচে নেমে আসতে আসতে ২০২৫ সাল পেরিয়ে যাবে।
তবে এই প্রযুক্তি ভিত্তিক সম্প্রচার উপভোগ করতে হলে ব্যবহারকারীকে ৫৫" এর উপরের আকৃতির টেলিভিশন কিনতে হবে বলে মনে করেন তিনি। উচ্চ মানের রঙ, কন্ট্রাস্ট এবং শার্প ছবি হবার কারণে টিভি দেখলে দর্শকের কাছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে এমন অনুভূতি হবে বলে মনে করেন তিনি। আর তাই টিভির আকৃতিও হতে হবে জানালার মত।










