পাওয়ারশট সিরিজে নতুন দুটি সুপার জুম ক্যামেরা নিয়ে এলো ক্যানন

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বখ্যাত ক্যামেরা নির্মাতা ক্যানন পাওয়ারশট সিরিজে নতুন দুটি সুপারজুম ক্যামেরা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এসএক্স১৫০'এর বদলে জন্ম নিল এসএক্স১৬০ আইএস আর এসএক্স৫০০ আইএস সম্পূর্ণ নতুন একটি মডেল। উভয় মডেলেই ব্যবহৃত হয়েছে ১৬ মেগাপিক্সেল ১/২.৩" সিসিডি সেন্সর, ইন্টেলিজেন্ট ইমেজ স্ট্যাবিলাইজার, আইএসও রেঞ্জ ১০০-৮০০ এবং ২৫ ফ্রেমে ৭২০ পি মানের ভিডিও তোলার সুবিধা।

এসএক্স৫০০ এর সাথে পাবেন ৩০X, ২৪-৭২০ মিমি লেন্স। সর্বোচ্চ অ্যাপারচার এফ/৩.৪-৫.৮। এই বিভাগের সেরা ক্যামেরা এসএক্স ৪০ এইচএস অপেক্ষা এসএক্স ৫০০ এর অটোফোকাস সিস্টেম ৩২% উন্নত আর শাটার ল্যাগ ৩৩% কমানো হয়েছে বলে জানিয়েছে ক্যানন।

এসএক্স ১৬০ আইএস এর সাথে পাচ্ছেন ১৬X, ২৮-৪৪৮মিমি এফ/৩.৫-৫.৯ লেন্স। পুরনো সংস্করণ এসএক্স ১৫০ অপেক্ষা এর অটোফোকাস সিস্টেম ২২% দ্রুত এবং শাটার ল্যাগ ৪৬% কম।

উভয় ক্যামেরায় ৩" এলসিডি পর্দা ব্যবহার করলেও এসএক্স৫০০ এ রয়েছে ৪৬১কে ডট আর এসএক্স১৬০ রয়েছে ২৩০কে ডট।

সেপ্টেম্বরে বিশ্ববাজারে পাওয়া যাবে ক্যামেরা দুটো, এসএক্স ৫০০ এর মূল্য $৩৩০ মার্কিন ডলার আর এসএক্স ১৬০ এর মূল্য $২৩০ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। ক্যামেরা দুটি লাল এবং কালো রঙে পাওয়া যাবে।