অ্যানড্রয়েড ভিত্তিক ক্যামেরা বের করবে নিকন!

(প্রিয় টেক) অ্যানড্রয়েড ওএস ভিত্তিক ক্যামেরা তৈরির চেষ্টায় লিপ্ত রয়েছে জাপানের ক্যামেরা নির্মাতানিকন । ক্যামেরা উৎসাহী একটি ব্লগের মাধ্যমে খবরটি জানতে পেরেছে ম্যাশেবল। ক্যামেরাটি সরাসরি গুগলের অ্যাপস্টোর গুগলপ্লের সাথে সংযোগ করতে পারবে এবং ক্যামেরাটির সাথে চলবে এমন অ্যাপ ডাউনলোড করতে পারবে।

নিকন রিউমার নামক ব্লগের তথ্যানুযায়ী ক্যামেরাটি কুলপিক্স সিরিজের পয়েন্ট অ্যান্ড শ্যূট সংস্করণের হবে এবং মডেল নাম্বার-কুলপিক্স এস৮০০ অথবা এস৮০০সি হবার সম্ভাবনা রয়েছে। ক্যামেরাটির সাথে ২৫-২৫০ মিলিমিটার লেন্স, ৩.৫ ইঞ্চি ওলেড পর্দা ও বিল্ট ইন ওয়াইফাই ও জিপিএস সিস্টেম থাকতে পারে। ব্লগ এই তথ্য ইন্দোনেশিয়ার যোগাযোগ সংস্থার কাছ থেকে পেয়েছে বলে উল্লেখ করেছে।
অপারেটিং সিস্টেম হিসাবে ক্যামেরাটি ব্যাবহার করবে অ্যানড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড। তবে অ্যানড্রয়েড ওএস ভিত্তিক এটাই বিশ্বের একমাত্র ক্যামেরা নয়। ইতোপূর্বে পোলারয়েড এ ধরণের একটি ক্যামেরা তৈরির ঘোষণা দেয়।
সমস্যা হচ্ছে অ্যানড্রয়েড চালিত ক্যামেরা আমাদের কেন প্রয়োজন হবে? অ্যাপ! বেশির ভাগ অ্যাপই তো ক্যামেরায় চলবে না, আর চললেও আপনি আপনার ক্যামেরা ব্যবহার করতো আর অ্যাংরী বার্ড বা ওয়ার্ড ডকুমেন্ট এডিট করতে আগ্রহী হবেন না, তাই না? ম্যাশেবলের ধারণা ইনস্টাগ্রাম বা পিক্সেলার-ও-ম্যাটিক এর মত অ্যাপগুলো চালানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে নিকন। নিকন হয়তো ভাবছে ব্যবহারকারী বান্ধব এবং সামাজিক নেটওয়ার্কিং সুবিধা দেবার মাধ্যমে তারা এক অনন্য ক্যামেরা নির্মাণ করতে সক্ষম হবে।
কিন্তু সেখানেও সমস্যা রয়েছে, ক্যামেরাটি তখনই পরিপূর্ণভাবে ব্যবহার করা সম্ভব হবে যখন ওয়াইফাই সংযোগ থাকবে। সামাজিক সাইটগুলোতে যারা ছবি পোস্ট করতে চাইবে তারা সব কিছু তাৎক্ষণিক করতে চাইবে, ওয়াইফাই সেক্ষেত্রে খানিকটা সহায়তা করলেও থ্রিজি অথবা ফোরজি ছাড়া আসলে পরিপূর্ণভাবে এই সুবিধাটি ব্যবহার করা সম্ভব নয়।
নিকন রিউমারের প্রতিবেদন অনুযায়ী ক্যামেরাটি নিকন অগাস্টের ২২ তারিখে জার্মানির ফটোকিনা শোতে উন্মোচন করতে পারে কিন্তু এ ব্যাপারে নিকনের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ পণ্য সম্পর্কে মন্তব্য প্রদান করেনা বলে জানিয়েছে।










