সার্ভারের জন্য ৬৪-বিট আর্ম ভিত্তিক অপটেরন সিপিইউ নির্মাণ করবে এএমডি

PriyoTech's picture

(প্রিয় টেক) গত বছর চিপ নির্মাতা আর্ম এর কাছ থেকে তাদের ডিজাইন ব্যবহার করার লাইসেন্স গ্রহণ করে এএমডি। সে সময় ব্যাপারটা গোপন রাখা হলেও গত জুনে কর্টেক্স এ ফাইভ কোরকে নিজের এপিইউতে অন্তভূক্ত করা কথা ঘোষণা করে। কিন্তু সেখানেই এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা বন্ধ হয়ে যায়নি। আজ এসেছে আরো বড় ঘোষণা, ৬৪ বিট আর্ম পরিকাঠামোর উপর ভিত্তি করে এএমডি অপটেরন প্রসেসর নির্মাণ করবে।

আজকের ঘোষণায় নতুন কোন পণ্য উন্মোচন করা না হলেও ৬৪ বিট আর্ম অপটেরনগুলোর বাণিজ্যিক উৎপাদন ২০১৪ সালে শুরু হবে বলে জানানো হয়েছে।

আর্ম ভিত্তিক অপটেরন এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মাইক্রোসার্ভার বাজারটি ধরতে চাইছে বলে ধারণা করা যাচ্ছে। প্রতিষ্ঠানটি দ্রুত বাজার দখল, ডেভেলপমেন্ট সময় এবং খরচ কমানোর উদ্দেশ্যে আর্ম এর প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে ধারণা করছে অনেকে।

সমস্যা হচ্ছে সার্ভার বাজারের মাত্র ১০% দখল করে রেখেছে মাইক্রোসার্ভার। যার মাঝে এক্স৮৬ + আর্ম উভয় ধরণের মেশিন রয়েছে এবং তুলনামূলক ভাবে এক্স ৮৬ এর চাহিদা আর্ম অপেক্ষা বেশি। ফলে এএমডি/আর্ম এর এই বাজার দখলের প্রচেষ্টা অসম যুদ্ধ বলে মনে হচ্ছে।

অবশ্য প্রতিষ্ঠানটি তার গ্রাহক এবং সার্ভার বাজারের জন্য এক্স৮৬ সিপিইউ এবং এপিইউ তৈরি করা বন্ধ করবে না বলে জানিয়েছে।

তবে এখন এএমডি'র এই সিদ্ধান্তটি কতটা ফলপ্রসূ হবে সেটাই দেখার বিষয়। বাজারে আর্ম ভিত্তিক সার্ভারের চাহিদা কতটুকু রয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু যদি জনপ্রিয়তা পায় তাহলে একটি বিপ্লব ঘটে যাবে বলে মনে করে এএমডি, এবং এই বিপ্লবের সামনে সাড়িতে নিজেকে দেখতে আগ্রহী বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের মাধ্যমে ইন্টেলের সাথে নিজের অবস্থানকে দৃঢ় করলেও এক্স৮৬ বাজার থেকে নিজের মনোযোগ অন্যদিকে নিয়ে যাবার মাধ্যমে আসলেই তার সিদ্ধান্তটি ভালো হলো, না নিজের পায়ে কুড়াল মারলো তা ভবিষ্যতই বলে দিবে।