আইওমেগার ১২ টেরাবাইট এর নতুন ডেস্কটপ স্টোরেজ ডিভাইস

PriyoTech's picture

(প্রিয় টেক) নেটওয়ার্ক স্টোরেজ নির্মাতা আইওমেগা বাসা এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্মিত তার জনপ্রিয় ন্যাস (NAS) ড্রাইভ স্টোরসেন্টার পিএক্স২ সিরিজ আকারে বের করলো। প্রতিষ্ঠানটি গত কয়েক বছর যাবত ক্ষুদ্রাকৃতির নেটওয়ার্ক স্টোরেজ মেশিনটির তথ্য ধারণ ক্ষমতা বাড়িয়েই চলেছে।

স্টোরসেন্টার পিএক্স২ সিরিজের সার্ভার মানের এই ডিভাইসগুলোতে কোন হার্ড ড্রাইভ দেয়া হয় নি। আর তাই ইচ্ছা করলে আপনার পুরনো হার্ড ড্রাইভকেই ব্যবহার করতে পারবেন। ডিভাইসটির সর্বোচ্চ ক্যাপাসিটি ১২ টেরাবাইট। ড্রাইভগুলো হট সোয়াপেবল।

একটা ছোট্ট আকৃতির ডেস্কটপ ডিভাইসে ১২ টেরাবাইট বিস্ময়কর একটা বিষয় বটে। কিন্তু আসলে এটা কোন ব্যাপার নয়। এখন বাজারে ৩ টেরাবাইট হার্ড ড্রাইভ পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আসছে ৪ টেরাবাইট।

আইওমেগার বিপণন কর্মকর্তা মার্ক ট্যাংগুয়ের মতে, ডিভাইসটি ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা কেবল যাত্রা শুরু করেছে এমন ধরণের প্রতিষ্ঠানের নেটওয়ার্ক স্টোরেজ সমস্যা সমাধান অথবা অতিরিক্ত নেটওয়ার্ক ডিভাইস হিসেবে ব্যবহার করা যেতে পারে।

আইওমেগা ডিভাইস দুইটির একটিতে ইন্টেল অ্যাটম ডুয়েল-কোর চিপ (পিএক্স২-৩০০ডি) এবং অন্যটিতে মার্ভেল প্রসেসর (আইএক্স ৪-৩০০ডি) ব্যবহার করা হয়েছে।

দুই বে বিশিষ্ট ইন্টেল সংস্করণটিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৬ টেরাবাইট। পিএক্স২ ১.৮ গিগাহার্জ গতির ইন্টেল অ্যাটম ডি৫২৫ প্রসেসরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাথে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর ৩ র‍্যাম।

তবে এটাতে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে ফার্মওয়্যারে বিল্ট-ইন অবস্থায় রয়েছে ম্যাকঅ্যাফির ভাইরাসস্ক্যান এন্টারপ্রাইজ সিকিউরিটি সফটওয়্যার। ভাইরাস স্ক্যানের জন্য ক্লাউডের উপর নির্ভর করতে হবে না এবং তিন বছরের লাইসেন্স দেয়া হবে বলে জানিয়েছে আইওমেগা।

স্টোরসেন্টার আইএক্স৪-৩০০ডি মডেলটিতে চারটি বে থাকায় এর ধারণ ক্ষমতা ১২ টেরাবাইট। আইএক্স৪-৩০০ ডি মডেলটি অন্যান্য ন্যাস ড্রাইভ থেকে একটু আলাদা। এই প্রথম মার্ভেলের আরমাডা এক্সপি ভিত্তিক চিপসেট ব্যবহার করে গ্রাহকদের কাছে নেটওয়ার্ক ডিভাইস তুলে দিতে চলেছে আইওমেগা। এখানে আপনি পাচ্ছেন ১.৩ গিগাহার্জ গতির ডুয়েল কোর মার্ভেল এসওসি। থাকছে ডুয়েল গিগাবিট ল্যান পোর্ট এবং ৫১২ মেগাবাইট র‍্যাম। দুঃখের বিষয় এই সংস্করণটি হট সোয়াপ সুবিধা সমর্থন করে না।

ক্লাউডের মাধ্যমে ডাটা শেয়ারের ক্ষেত্রে উভয় ডিভাইসেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন ট্যাংগুয়ে।

পিএক্স২-৩০০ডি মডেলের ক্ষেত্রে ৭২০০ আরপিএম গতির এন্টারপ্রাইজ মানের ১ টেরাবাইট, ২ টেরাবাইট এবং ৩ টেরাবাইট হিসেবে যেকোনো রূপে সাজানো যাবে। আর আইএক্স৪-৩০০ডি মডেলের ক্ষেত্রে সাটা২ মানের ১ টেরাবাইট, ২ টেরাবাইট এবং ৩ টেরাবাইট হিসেবে যেকোনো রূপে সাজানো যাবে। উভয় ন্যাস ড্রাইভই ড্রাইভবিহীন অবস্থায় পাওয়া যাবে বলে জানিয়েছে আইওমেগা।

৪ টেরাবাইট সমর্থন করে এমন ড্রাইভও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পিএক্স২-৩০০ডি মডেলটির বাজারজাত করণ শুরু হয়েছে। ড্রাইভ বিহীন সংস্করণের মূল্য $৪৯৯.৯৯ মার্কিন ডলার। ২টেরাবাইট হার্ড ড্রাইভ সহ নিলে পরবে $৬৯৯.৯৯ আর ৪ টেরাবাইট সহ $৯৯৯.৯৯ এবং ৬ টেরাবাইট মডেলটির মূল্য $১,১৯৯.৯৯ মার্কিন ডলার।

স্টোরসেন্টার আইএক্স৪-৩০০ডি মডেলটিও এখন বাজারে পাওয়া যাচ্ছে। ড্রাইভ বিহীন সংস্করণের মূল্য $৫৯৯.৯৯ মার্কিন ডলার। ৪ টেরাবাইট সহ $৭৪৯.৯৯, ৮ টেরাবাইট মডেলটির মূল্য $৯৪৯.৯৯ এবং ১২ টেরাবাইটের মূল্য $১,২৯৯.৯৯ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

উভয় ন্যাস সিস্টেম আইওমেগা লাইফলাইন ওএস দ্বারা পরিচালিত। এই ওএস এর সর্বশেষ সংস্করণে রেইড সিস্টেম ইএক্সটি ৩ থেকে ইএক্সটি ৪ এ নিয়ে যাওয়া হয়েছে। নির্মাতার দাবী এর ফলে ন্যাসের কর্মদক্ষতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। নতুন সংস্করণে অ্যাকটিভ ডাইরেক্টরি সমর্থনকে আরো উন্নত, মাইসিকুয়েল সার্ভার সমর্থন যোগ এবং ভিডিও সার্ভেইলেন্সের ক্ষমতা যুক্ত করা হয়েছে। এছাড়া দুইটি ভিন্ন স্থানে অবস্থিত স্টোরসেন্টারের মাধ্যমে সমন্বয় এবং ব্যাকআপ রাখার ব্যবস্থাও রয়েছে এই ওএস এ।