ব্রাউজার বেছে নেয়ার সুবিধা না দেয়ায় মাইক্রোসফটকে ইউরোপীয় ইউনিয়নের সতর্কবার্তা

(প্রিয় টেক) সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটকে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা পাঠিয়েছে। জানা গেছে, মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে ব্যবহারকারীদের অন্যান্য ব্রাউজার থেকে পছন্দসই ব্রাউজারটি বেছে নেয়ার সুবিধা না দেয়ায় এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।

মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি বিল্ট-ইন ব্রাউজার হিসেবে দিয়ে দেয়। ফলে, অপারেটিং সিস্টেম ইন্সটলের পরপরই ব্যবহারকারীরা এই ব্রাউজারটি পেয়ে থাকেন। যেহেতু বেশিরভাগ ব্যবহারকারীই উইন্ডোজ ব্যবহার করেন ও অধিকাংশ মানুষই প্রযুক্তি বিষয়ে ততোটা ধারণা রাখেন না, তাই ব্রাউজার বাজারে প্রতিযোগিতাটা "ন্যায়" রাখার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ৩ বছর আগে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের অন্যান্য ব্রাউজার সম্পর্কেও জানানোর জন্য মাইক্রোসফটকে নির্দেশ দেয়। তবে সম্প্রতি ইইউ অভিযোগ করেছে, মাইক্রোসফট সেই নির্দেশে সম্মতি দিলেও তা পুরোপুরি মানেনি।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ফেব্রুয়ারি ২০০৯ থেকে জুলাই ২০১২ পর্যন্ত প্রায় ২৮ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরারে অন্য কোনো ব্রাউজার সম্পর্কে কোনো তথ্য দেখেননি বা অন্য ব্রাউজার থেকে ব্রাউজার বেছে নেয়ার কোনো অপশন পাননি।
সতর্কবার্তার প্রেক্ষিতে মাইক্রোসফট জানিয়েছে, কিছু প্রাযুক্তিক ত্রুটির কারণে ব্যবহারকারীরা অন্যান্য ব্রাউজার থেকে পছন্দের ব্রাউজারটি বেছে নেয়ার স্ক্রিনটি দেখতে পাননি। এ সমস্যার সমাধানে তারা কাজ করছে বলেও জানিয়েছে।
বিবিসির সূত্রমতে, মাইক্রোসফটকে জবাব দেয়ার জন্য সর্বোচ্চ ৪ সপ্তাহ সময় দেয়া হয়েছে। এর মধ্যে সন্তোষজনক কোনো জবাব না পাওয়া গেলে বা পদক্ষেপ না নেয়া হলে কমিশন ঠিক করবে মাইক্রোসফটকে জরিমানা করা হবে না। উল্লেখ্য, প্রতিযোগিতা আইন ভঙ্গ করার দায়ে লভ্যাংশের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।












