নিলামে উঠছে অ্যাপল-১

A.I.Sajib's picture

(প্রিয় টেক) আসছে অক্টোবরের ৯ তারিখ বসতে যাচ্ছে কম্পিউটারের ইতিহাসের সবচেয়ে পুরনো ডিভাইস, অ্যাপল-১-এর নিলাম। আজকের দিনের সবচেয়ে দামী কোম্পানি হিসেবে খ্যাত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এটি নিজ হাতে ডিজাইন ও তৈরি করেন।

১৯৭৬ সালে অ্যাপল-১ প্রথম বাজারে আসে। মাত্র ২০০টি অ্যাপল-‌১ তৈরি করা হয় যার মধ্যে এই একটি আগামী মাসে নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম ১ লাখ ২৭ হাজারের কোঠা থেকে শুরু হতে পারে। অবশ্য অনেকে ভাবছেন এর চেয়েও অনেক বেশি দাম উঠবে অ্যাপল-১-এর।

অ্যাপল-১ এর আসল দাম ছিল ৬৬৬ ডলার। এতে রয়েছে ৮কে মেমোরি। অ্যাপলের সাবেক এক কর্মকর্তা জো কপসন এই অ্যাপল-১ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত জুনে আরেকটি অ্যাপল-১ এর মাদারবোর্ড নিলামে বিক্রি হয় ৩ লাখ ৭৪ হাজার ৫০০ ডলারে। এছাড়াও ২০১০ সালে আরেকটি অ্যাপল-১ বিক্রি হয় ২ লাখ ১৩ হাজার ৬০০ ডলার। সেই হিসেবে অক্টোবরের অ্যাপল-১ নিলামে এর দাম ৪ লাখ ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা যেতেই পারে।

অ্যাপলের ইতিহাসের শুরুর দিকে এই অ্যাপল-১ কম্পিউটারগুলো কেবল মাদারবোর্ড আকারেই বিক্রি হতো। স্টিভ জবস তখন তার যাতায়াতের একমাত্র মাধ্যম ভোক্স ওয়াগন গাড়ি ও স্টিভ ওজনিয়াক তার এইচপি-৬৫ ক্যালকুলেটর বিক্রি করে এই প্রকল্পের জন্য ফান্ড তৈরি করেন। তবে তখনকার সময়ে অ্যাপল-১ কোনো পাওয়ার সাপ্লাই, কিবোর্ড, মাউস বা মনিটরের সঙ্গে বিক্রি হতো না। ক্রেতাদের এসব আলাদা কিনে জোড়া লাগাতে হতো। কিন্তু এরপরও আজকের ফ্যাশনেবল ম্যাক কম্পিউটারের পূর্বপুরুষ বলেই মনে করা হয় এসব অ্যাপল-১ মাদারবোর্ডকে।

পিসি ম্যাগাজিনের মতে, বিশ্বে এখন মাত্র ৫০টির মতো অ্যাপল-১ রয়েছে।