২১:৯ ভিত্তিক ইএ৯৩ এবং ১৬:৯ ভিত্তিক ইএ৮৩ মডেলের এলজির নতুন দুটি মনিটর

(প্রিয় টেক) বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে আইএফএ ট্রেডশো। অতএব বুঝতেই পারছেন বিশ্বের সকল ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের গোপন ঝোলার ভেতর থেকে উদ্ভাবনগুলো ক্রমশ সকলের সামনে উন্মোচন করতে শুরু করেছে। ইতোমধ্যে আমরা আসুসের ২৭" মনিটরের সাথে পরিচিত হয়েছি, স্যামসাংয়ের নতুন দুটি অল-ইন-ওয়ান পিসির খবর জেনেছি। এবার এলো দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় সেরা ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজির পালা। প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে বের করেছে অনেকগুলো পণ্য। সবগুলোতো এক জায়গায় লেখা সম্ভব নয়, প্রথমে আসুন যেনে নেয়া যাক প্রতিষ্ঠানটির ডাব্লিউকিউএইচডি রেজ্যুলুশনের আইপিএস মনিটরের দিকে। নতুন মনিটর দুটি ইএ৯৩ এবং ইএ৮৩ নামে পরিচিত।

ইএ৯৩:

এলজি জানিয়েছে ইএ৯৩ নামক পর্দাটি তারা তৈরি করেছে বিনোদনের জন্য। আর তাই ২৭" পর্দাটিতে দেয়া হয়েছে সিনেমাটিক ২১:৯ অ্যাস্পেক্ট রেশিও। বিশ্বের অত্যাধুনিক সকল সিনেমা এই অ্যাস্পেক্ট রেশিও ব্যবহার করে থাকে। তবে অ্যাস্পেক্ট রেশিওটি দৈনন্দিন দাপ্তরিক কাজ এবং মাল্টিটাস্কিংয়ের জন্যেও আদর্শ।

২৫৬০X১০৮০ রেজ্যুলুশনের এই স্ক্রিনে দেয়া হয়েছে ৩০০ নিট ব্রাইটনেস, ১০০% এসআরজিবি কালার, আইপিএস প্রযুক্তির প্যানেল এবং ডিসপ্লেকে চারভাগে বিভক্ত করে ব্যবহার করার সুবিধা।
ইএ৮৩:

২৭" এবং ১৬:৯ এই মনিটরটি গ্রাফিক্স ইন্টেনসিভ অ্যাপ্লিকেশন নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য। আর তাই রেজ্যুলুশন হিসেবে পাবেন ২৫৬০X১৪৪০ পিক্সেল। মনিটরটি ৯৯% অ্যাডব আরজিবি কালার প্যালেটের রঙ সঠিকভাবে রিপ্রোডিউস করতে সক্ষম। ফলে গ্রাফিক্স বিশেষজ্ঞরা পাবেন উচ্চ স্তরের ইমেজিং কোয়ালিটি।

মনিটর দুটির মূল্য সম্পর্কে কোন তথ্য প্রকাশ না করলেও বিশ্ববাজারে নভেম্বর মাস থেকে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
















