ভিজি ২৭৮এইচই: ১৪৪ হার্জ এর প্রথম পিসি এলসিডি

PriyoTech's picture

(প্রিয় টেক) আসুস বিশ্ববাজারে নতুন একটি পিসি মনিটর বের করার ঘোষণা দিয়েছে, আসুস ভিজি ২৭৮এইচই। মডেল নাম্বার দেখেই আশা করি বুঝে গিয়েছেন এটি ২৭" মনিটর। দেখতে অত্যন্ত সাধারণ মানের হলেও প্রতিষ্ঠানটি প্রথম বারের মত ১২০ হার্জ রিফ্রেশ রেটের মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে।

স্ক্রিনের পিক্সেলগুলো প্রতি সেকেন্ডে কতবার রিফ্রেশ হবে তার উপর নির্ভর করে রিফ্রেশ রেট নির্ধারণ করা হয়। রিফ্রেশ রেট যত বেশি হবে ছবি তত পরিষ্কার দেখতে পাবেন। সাধারণত স্বল্প মূল্যের এবং পুরনো মনিটরগুলোর রিফ্রেশ রেট ৬০ হার্জের মত। আজকাল অনেক টেলিভিশনে দেখবেন লেখা রয়েছে ১২০হার্জ। দাপ্তরিক কাজে ব্যবহৃত হয় যে সকল কম্পিউটার মনিটর সেগুলোর ক্ষেত্রে ৬০ হার্জ এর বেশি প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি গেমার বা মুভি পাগল মানুষ হন তাহলে রিফ্রেশ রেটের হিসাবটা আপনার জন্য জরুরী।

গত কয়েক বছর যাবত উচ্চ মানের পিসি মনিটরগুলো ১২০ হার্জের সীমায় এসে স্থির হয়েছিল। আর সীমা অতিক্রম করলো ভিজি ২৭৮এইচই মনিটরটি। ১৪৪ হার্জ বিশিষ্ট এই মনিটরটি দ্বিমাত্রিক ছবি আলট্রা-স্মুথ ভাবে ফুটিয়ে তুলবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। ১৪৪ হার্জ ছাড়াও রয়েছে ২ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, এনভিডিয়ার থ্রিডি ভিশন ২ গ্লাস প্রযুক্তি সমর্থন করে।

প্যানেলটির রেজ্যুলুশন ১৯২০x১০৮০ সাথে থাকছে বিল্ট-ইন স্টেরিও (২X৩ ওয়াট) স্পিকার। সংযোগ ব্যবস্থা হিসেবে রয়েছে এইচডিএমআই ১.৪, ডুয়েল-লিঙ্ক ডিভিআই-ডি এবং ডি-সাব ইনপুট।

এ বছরের শেষ নাগাদ মনিটরটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মূল্য সম্পর্কে কোন তথ্য প্রদান করেনি

তবে রিফ্রেশ রেট যাই হোক না কেন, ২৭" মনিটর হিসেবে রেজ্যুলেশনটা সঠিক হল না, এই মনিটরে কমপক্ষে ২৫৬০x১৪৪০ রেজ্যুলেশন থাকা উচিত ছিল,যা প্রতিদ্বন্দ্বী ডেল এবং অ্যাপলের মনিটরগুলোতে দেখা যায়। ধারণা করতে পারি আসুস মূল্য কম রাখার জন্য এত কম রেজ্যুলেশনে মনিটরটি বের করতে চলেছে। আর মূল্য যদি ৯০০ ডলারের বেশি হয়ে যায় তাহলে ডেল কেনাই ভালো।