৩১টি নতুন লিনাক্স ডিস্ট্রো আসছে এই অগাস্টে

A.I.Sajib's picture

(প্রিয় টেক) লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধা এই নয় যে এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এর সোর্স উন্মুক্ত, বরং এর অন্যতম সুবিধা হচ্ছে এই যে, এতে রয়েছে বিভিন্ন প্রয়োজন ও স্বাদের ডিস্ট্রো। আর যারা এখনও নিজের প্রয়োজনের বা পছন্দের সঙ্গে মিলমতো ডিস্ট্রো খুঁজে পাননি, তারা তৈরি থাকতে পারেন এই অগাস্ট মাসে।

মূলত একই কার্নেলের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ডেভেলপাররা নিজেদের মতো করে নতুন অপারেটিং সিস্টেম তৈরি করে রিলিজ করে থাকেন। উবুন্টু, ফেডোরা, লিনাক্সমিন্ট ইত্যাদি এ জাতীয় লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেম। তবে সম্প্রতি "৩১ ফ্লেভার্স অফ ফান" নামের এক প্রকল্প চালু হয়েছে যা আগামী অগাস্ট মাসের প্রতিদিন একটি করে নতুন লিনাক্স ডিস্ট্রো অবমুক্ত করবে বলে জানিয়েছে।

শুনতে প্রথমে অবিশ্বাস্য লাগলেও তাদের সাইটে ঠিক তাই বলা হয়েছে। প্রতিদিন একটি করে লিনাক্স ডিস্ট্রো অবমুক্ত হবে এটা শুনলে প্রথমেই মনে হতে পারে কেবল ডিজাইন দিয়ে অসম্পূর্ণ কোনো অপারেটিং সিস্টেম হয়তো দেয়া হবে। কিন্তু ডেভেলপার টড রবিনসন জানিয়েছেন, পরিপূর্ণ ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবেই প্রতিটি ডিস্ট্রো অবমুক্ত করা হবে যেগুলোর উপর তারা অনেকদিন ধরেই কাজ করছেন।

৩১ দিনে ৩১টি নতুন লিনাক্স ডিস্ট্রোর মাধ্যমে কেবল ওপেন সোর্সের ব্যাপক সুবিধার বিষয়টিই তুলে ধরবে না, বরং এর মধ্য দিয়ে প্রোপ্রাইটরি অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজের সঙ্গে ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্টের গতি, প্রয়োজনীয় জনবল এবং খরচের বিষয়টি তুলনা করা হবে। তবে সাইটে বলা হয়েছে, ডেভেলপমেন্টের বাইরে অন্যান্য বিষয় যেমন ভাইরাস/ম্যালওয়্যার বা বৈশিষ্ট্য/ফিচারের বিষয়গুলো তুলনা করা হবে না।

প্রকল্পের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, "পরিপূর্ণ ডেস্কটপ অপারেটিং সিস্টেম" বলতে এমন একটি অপারেটিং সিস্টেমের কথা বোঝানো হয়েছে যেটি ল্যান বা ওয়াই-ফাই-এর মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে সমর্থ, যার রয়েছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটার সঙ্গে থাকবে গ্রাফিক্যাল প্যাকেজ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন যা দিয়ে কেবল সফটওয়্যার ডাউনলোডই নয় বরং অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার মুছে ফেলা যাবে। এছাড়াও এই ডেস্কটপ অপারেটিং সিস্টেম নিজে নিজেই ডিপেন্ডেন্সি থেকে বিভিন্ন সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট যখন প্রয়োজন বা সহজলভ্য তখন তা ইন্সটল করে নিতে পারবে। এছাড়াও একটি পরিপূর্ণ ডেস্কটপ অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্ট ফাইলগুলোও উন্মুক্ত থাকবে যাতে অন্যান্য ডেভেলপাররা একে আরও সমৃদ্ধ করতে পারেন।

Tags: