১৬০" বাঁকানো গেমিং ডিসপ্লে

PriyoTech's picture

(প্রিয় টেক) নরম্যান ডিজাইন নামক সুইডেনের এক প্রতিষ্ঠান নিয়ে এলো ১৬০" র‍্যাপ্যারাউন্ড ডিসপ্লে। প্রতিষ্ঠানটি পর্দাটিকে বহনযোগ্য বলে দাবী করেছে। তবে, সেটআপ করার জন্য একঘণ্টা এবং ওজন ৪৯.৮৯ কেজির বেশি হওয়ায় আপাতত পকেটে নিয়ে ঘোরার কথা মাথা থেকে বাদ দিয়ে বরং আপনার গেম রুমে স্থায়ীভাবে লাগিয়ে রাখার কথা চিন্তা করে দেখতে পারেন।

১৬০" পর্দা বিশিষ্ট এই ডিসপ্লের পুরো যায়গা জুড়ে দৃশ্য ফুটিয়ে তোলার জন্য এর পেছনে বসানো হয়েছে একগুচ্ছ প্রোজেক্টর। আর এই প্রোজেক্টরগুলোকে শক্তি যোগানোর কাজে নিয়োজিত রয়েছে একটি অত্যন্ত দক্ষ গেমিং পিসি ও বিশেষ সফটওয়্যার।

স্ক্রিনটি আপনার চতুঃপার্শ্বকে ঘিরে থাকে বলে গেমের পুরো অ্যাকশনের মাঝে আপনি বিরাজ করছেন বলে মনে হবে। এই স্ক্রিনটি একটি মোশন-ক্যাপাবল সিট সহ এফ ওয়ান রেসিং সিম্যুলেটর সেট হিসেবে বের হবার কারণে মূল্যটি নির্ধারিত হয়েছে মাত্র $১১৪,০০০ মার্কিন ডলারে। তবে পর্দাটি আলাদা ভাবেও কেনা যাবে বলে জানা গিয়েছে কিন্তু তারপরেও যে মূল্য হবে সেটা দিয়ে একটা (দুটোও হতে পারে) গাড়ি আপনি কিনে ফেলতে পারেন।