বৈদ্যুতিক গাড়ির জন্য সৌর-শক্তি চালিত কার চার্জিং স্টেশন নির্মাণ করলো টেসলা

PriyoTech's picture

(প্রিয় টেক) বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ক্যালিফোর্নিয়ায় ছয়টি স্থানে তার র‍্যাপিড কার চার্জিং স্টেশন নেটওয়ার্ক “সুপারচার্জার” তৈরির ঘোষণা প্রদান করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে এই স্টেশনগুলো থেকে টেসলার মডেল এস গাড়ির মালিকেরা বিনাখরচে ব্যাটারি চার্জ করতে পারবে। তৈরিকৃত স্টেশনগুলো তার বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য সৌরশক্তি ব্যবহার করবে বলেও উল্লেখ করেছে টেসলা।

বৈদ্যুতিক গাড়ির জন্য সুপারচার্জার তৈরির পরিকল্পনা প্রতিষ্ঠানটি গত বছর গ্রহণ করে। বৈদ্যুতিক গাড়ি জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই চার্জিং অবকাঠামোগুলো নির্মাণ করতে আগ্রহী হয়ে উঠেছে টেসলা। পর্যাপ্ত পরিমাণে চার্জিং স্টেশন না থাকাকে এই শিল্পের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হিসেবে গণ্য করা হয়ে থাকে।

প্রধানত তিনটি কারণ বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে বলে মনে করেন টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক। তার মতে বাঁধা সৃষ্টিকারী কারণগুলো হচ্ছে সহজে দূরবর্তী স্থানে ভ্রমণে অসুবিধা, দূরবর্তী ফসিল ফুয়েল প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের মূল্য।

প্রতিষ্ঠানটি অবশ্য এই ছয়টি স্টেশন নির্মাণ করেই ক্ষান্ত দিচ্ছে বলে জানিয়েছে। শীঘ্রই তারা অনেকগুলো স্টেশন খোলার পরিকল্পনা গ্রহণ করেছে এবং ২০১৩ সালের মাঝে আরো অনেকগুলো সুপারচার্জ স্টেশন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ায় নির্মাণ করবে। আগামী দুই বছরের মধ্যে এ ধরণের সুপারচার্জার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছেয়ে যাবে বলে উল্লেখ করেন মাস্ক।

টেসলা তার সুপারচার্জারগুলো নির্মাণের ক্ষেত্রে সৌরশক্তি এবং মডেল এস এর সময় পরিকল্পনাকৃত পুরাতন প্রযুক্তি ব্যবহার করছে। ফলে চার্জারগুলো নির্মাণ এবং ইনস্টল করতে খরচ কম পরছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই চার্জারগুলো আধা ঘণ্টায় ১০০ কিলোওয়াট চার্জ করতে সক্ষম যার মাধ্যমে টেসলা এস ব্যবহারকারীরা ৬০ কিলোমিটার গতিবেগে ৩ ঘণ্টা চালাতে সক্ষম হবে।