বিটিআরসি’র নতুন চেয়ারম্যান ক্ষমতা ফিরিয়ে দিলেন ভাইস চেয়ারম্যানকে

PriyoTech's picture

(প্রিয় টেক) সুনীল কান্তি বোস নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র দায়িত্ব নিয়েই দায়িত্ব বন্টন শুরু করেছেন। আগে যেখানে বিটিআরসি চেয়ারম্যানের কাছে সকল ক্ষমতা নিয়ে আসার ঝোঁক ছিল। সেখান থেকে বেরিয়ে গিয়ে বরং উল্টো দায়িত্ব ও ক্ষমতার ভাগাভাগি করছেন তিনি।


সুনীল কান্তি বোস

বিটিআরসি’র শুরু থেকেই ফাইন্যান্স বিভাগের দায়িত্ব সামলেছেন ভাইস চেয়ারম্যানরা। কিন্তু মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ ভাইস চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের এক পর্যায়ে এই বিভাগটিও নিজের হাতে তুলে নেন। ফলে আক্ষরিক অর্থেই কমিশন বৈঠকে উপস্থিত হওয়া ছাড়া ভাইস চেয়ারম্যানের আর কোনো কাজই থাকেনি। আগের কমিশনে চেয়ারম্যান আইনের ধার না ধরে ইচ্ছে মতো কমিশনারদের দায়িত্বও রদবদল করেছেন। কিন্তু আইন অনুসারে তার সেই ক্ষমতা বা এখতিয়ার নেই। কিন্তু চেয়ারম্যান এমন কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ২৩ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর সুনীল কান্তি বোস সব কিছুর আগে ভাইস চেয়ারম্যানের কাছে ফাইন্যান্স বিভাগের দায়িত্ব ফিরিয়ে দেন। বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি ছিল চেয়ারম্যান হিসেবে সুনীল কান্তি বোসোর প্রথম কমিশন বৈঠক।

দায়িত্ব ফিরে ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদও বেশ উৎফুল্ল। তবে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি।

এদিন কমিশন বৈঠকে যতো দ্রুত সম্ভব ভিওআইপি সার্ভিস প্রোভাইডার-ভিএসপি’র জন্যে জমা পড়া ১৫০৬টি আবেদন যাচাই বাছাই শেষ করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করার জন্যে তাগাদা দেওয়া হয়।