মেগাআপলোডের প্রতিষ্ঠাতা কিম ডটকম আনলেন নতুন সেবা, "মেগা"

কিম ডটকমের নাম কি মনে আছে? সেই বড়লোক প্রতিষ্ঠাতা, যাকে ধরার জন্য খানিকটা জেমস বন্ড ছবির মতোই বিভিন্ন কায়দা-কানুনের আশ্রয় নিতে হয়েছিল পুলিশকে? হ্যাঁ, সেই কিম ডটকম আবারও ফিরে এসেছেন। আর এবার তিনি এনেছেন নতুন আরেক সেবা, "মেগা"।

কিম ডটকম ছিলেন মেগাআপলোডের প্রতিষ্ঠাতা। মেগাআপলোড একটি ফাইল শেয়ারিং সার্ভিস ছিলো। কিন্তু যুক্তরাষ্ট্র অবৈধ ফাইল হোস্টিং-এর দায়ে এই সেবা বন্ধ করে দেয় এবং এর প্রতিষ্ঠাতা কিম ডটকমকে গ্রেফতার করে। এরপর খানিকটা রাতারাতিই তারকা হয়ে ওঠেন এই কিম। তাকে নিয়ে প্রতিনিয়তই সংবাদমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করতে থাকে। আদালত প্রথমে তাকে ইন্টারনেট ব্যবহার থেকে দূরে থাকার নির্দেশ দিলেও পরে সীমিত আকারে ইন্টারনেটে প্রবেশাধিকার দেয়।
ম্যাশেবল জানিয়েছে, মেগাবক্স বলে ডাকা হলেও মেগা নামেই আত্মপ্রকাশ করছে সাইটটি। এটি অনেকটা মেগাআপলোডের মতোই ব্যবহারকারীদের ক্লাউড স্টোরেজ দেবে যেখানে ফাইল এনক্রিপ্ট করে রাখা যাবে ও ক্রস-অ্যাকাউন্ট ফোল্ডার শেয়ারিং-এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে অন্যের শেয়ার করা ফাইল নিয়ে আসার সুযোগ পাবেন।
এছাড়াও মেগাআপলোডে দ্রতগতির ডাউনলোড সুবিধা পেতে হলে একটি সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে হতো। এটি ডাউনলোড ম্যানেজার নামে পরিচিত ছিল। কিন্তু নতুন 'মেগা'-তে ব্রাউজারের মধ্যেই এই ডাউনলোড ম্যানেজার জুড়ে দেয়া হয়েছে। ফলে, ব্যবহারকারীকে তাদের কম্পিউটারে বাড়তি কিছু ডাউনলোড বা ইন্সটল করতে হবে না।
আসছে জানুয়ারির ২০ তারিখই এটি চালু হওয়ার কথা রয়েছে।
তবে মেগার পরিণতিও যে মেগাআপলোডের মতো হবে না তার নিশ্চয়তা কী? এমন প্রশ্নের জবাবে কিম ডটকম জানিয়েছেন, একই ঘটনা যেন আবারও না ঘটে সে লক্ষ্যেই মেগার ভিত্তি তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন, মেগা তৈরিতে যুক্তরাষ্ট্রের হোস্টিং, ডোমেইন ইত্যাদি কোনো কিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হয়নি।













