উৎপাদন ক্ষমতা বাড়াতে ওরাকল ই-বিজনেস স্যুট ব্যবহার করবে বিএসআরএম গ্রুপ

(প্রিয় টেক) বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ ওরাকল ই-বিজনেস স্যুট ১২.১ ব্যবহার করবে। ওরাকলের এই সফটওয়্যারটি বিএসআরএম-এর কর্মকর্তাদের রিয়েল টাইম ইনফরমেশন দেবে ফলে তারা এখন আরো দ্রুত এবং ভালো বানিজ্যিক সিদ্ধান্ত নিতে পারবে। সফটওয়্যারটি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসা বানিজ্য প্রক্রিয়াকেও আরো সহজ করবে।

বিএসআরএম গ্রুপ এতদিন কিছু অভ্যন্তরীন অ্যাপ্লিকেশন ব্যবহার করছিল এবং সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগত। পুরোনো এই অ্যাপ্লিকেশন বদলে বিএসআরএম গ্রুপ এখন অত্যাধুনিক সমন্বত সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। ওরাকল ই-বিজনেস স্যুট ১২.১ প্রকিওরমেন্ট, বিক্রয় এবং বিপনন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং আর্থিক ও একাউন্টিং বিভাগ সহ সকল বিভাগকে স্বয়ংক্রিয় করবে এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যানুফেকচারিং পদ্ধতির প্রর্বতনের নিশ্চয়তাও দেবে। স্টীল তৈরিতে উন্নত মান রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করবে এই সফটওয়্যার।
এই প্রসঙ্গে বিএসআরএম গ্রুপের গ্রুপ এডভাইজার ময়েজী হোসাইন বলেন, ওরাকল ই-বিজনেস স্যুট ১২.১ কোম্পানিকে যথাসময়ে যথাযথ তথ্য প্রদানের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সর্বোপরি এই সফটওয়্যার নির্ভুলভাবে পরিচালিত প্রতিষ্ঠানে পরিণত করবে।
ওরাকল এসএজিই-ওয়েস্ট কান্ট্রি ম্যানেজার আক্কাসাহ সুলতান শেখ বলেন, বাংলাদেশের স্টীল শিল্প দিন দিন আরো বেশি প্রতিযোগিতা পূর্ণ হয়ে উঠছে। আমরা বিশ্বাস করি ওরাকলের এই সফটওয়্যার ইনভেনটরি, সাপ্লাইচেন, উৎপাদন এবং অন্যান্য বানিজ্যিক কার্যক্রম আরো সূক্ষভাবে ব্যবস্থাপনা করে বিএসআরএমকে আরো ভালো গ্রাহক সেবা দিতে সক্ষম করবে এবং স্টীল শিল্পে বিএসআরএম এর নেতৃস্থানীয় অবস্থানকে আরো সুদৃঢ় করবে।












