বিমানবন্দর রেলস্টেশনে রবির নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন

PriyoTech's picture

(প্রিয় টেক) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলস্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন করেছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। ‘নিরাপদ পানি, সুস্থ জীবন’-এ স্লোগানকে সামনে রেখে এর আগে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপন করেছে রবি। রেলের যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অধীনে এই প্ল্যান্ট স্থাপন করেছে রবি। এতে কারিগরি সহায়তা দিচ্ছে ওয়াটার এইড।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন এবং রেলমন্ত্রী মজিবুল হক যৌথভাবে এই প্ল্যান্ট উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুনার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের, ওয়াটার এইডের ভারপ্রাপ্ত দেশীয় প্রতিনিধি হাসিন জাহান, রবির ভাইস প্রেসিডেন্ট (সিএসআর অ্যান্ড স্পন্সরশিপ) মহিউদ্দিন বাবর, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহতাবউদ্দিন আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, বর্তমানে বিশুদ্ধ পানির খুব অভাব। তাছাড়া ক’জনের বা বোতলজাত পানি কিনে খাওয়ার সামর্থ্য আছে। এসব বিবেচনায় নিয়ে রেলযাত্রীসহ সাধারণ মানুষের কথা চিন্তা করে মোবাইল অপারেটর কোম্পানি রবি বিশুদ্ধ পানি সরবরাহের যে ব্যবস্থা করেছে সে জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে দেশের অন্য বড় রেলস্টেশনে এ ধরনের বিশুদ্ধ ও নিরাপদ পানির প্ল্যান্ট স্থাপনেরও আহ্বান জানান তিনি।

রেলমন্ত্রী মজিবুল হক বলেন, রেলযাত্রীদের সেবার মান বাড়ানোর জন্য আমরা বদ্ধপরিকর। দেশের অন্য গুরুত্বপূর্ণ রেলস্টেশনেও এ ধরনের বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া বিমানবন্দর রেলস্টেশনকে আরও আড়াই হাজার স্কয়ার ফিট বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। প্রয়োজনে আরও কোচ সংযোজন করা হবে।

অনুষ্ঠানে মাইকেল কুনার বলেন, ঠিক এক বছর আগে অক্টোবরে রবি রেলওয়ের সঙ্গে যৌথভাবে নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে কমলাপুর রেলস্টেশনে প্ল্যান্ট স্থাপন করেছিল। আর এক বছরের মাথায় ঢাকায় ও দ্বিতীয় বৃহত্তম রেলস্টেশন বিমানবন্দরে এর দ্বিতীয় প্ল্যান্টটি স্থাপন করতে পেরেছি।

অনুষ্ঠানে জানানো হয়, পাঁচ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাঙ্কটিতে ১৩টি কলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি পুরুষের, ৪টি মহিলাদের এবং একটি প্রতিবন্ধীদের জন্য। আর বাকি দু’টি অজুর জন্য সংরক্ষিত থাকবে।

এছাড়া ওয়াটার এইড প্রতিনিয়ত এখান থেকে পানি সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাবে। একই সঙ্গে জোগান সুবিধা নিশ্চিত রাখতে একজন কেয়ারটেকারও নিয়োগ দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।