ভারতীয় মূদ্রা গ্রহণ করবে অ্যাপলের অ্যাপ স্টোর

(প্রিয় টেক) ভারতে অ্যাপল ব্যবহারকারীদের জন্য সুখবর। তারা এখন থেকে পছন্দের অ্যাপ রুপিতেই ক্রয় করতে পারবে। অ্যাপলের অ্যাপ স্টোর ভারতীয় মুদ্রা রুপি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিকে অ্যাপগুলোর মূল্য শুধুমাত্র ডলারে দেখানোর কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করতে গেলে ডলারে অর্থ পরিশোধ করতে হত। এর ফলে ক্রেতাকে অ্যাপের মূল্যের পাশাপাশি রুপি থেকে ডলার পরিবর্তন ফি প্রদান করতে হত। ফলে ভারতীয় গ্রাহকদের অ্যাপ ক্রয় মূল্য অন্যদেশের তুলনায় বেশি প্রদান করতে হত।

কিন্তু রুপিতে মূল্য পরিশোধের সুবিধা যুক্ত হবার কারণে এখন থেকে পরিবর্তন ফি দিতে হবে না। স্থানীয় মুদ্রায় অ্যাপ করার সুবিধা চালু হলে অ্যানড্রয়েড এবং আইওএস ভিত্তিক স্মার্টফোনের বিক্রয় বৃদ্ধি বেড়ে যাবে এবং পাশাপাশি স্থানীয় ডেভেলপাররা অ্যাপ নির্মাণে উৎসাহী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় রুপি গ্রহণ করলেও মূল্য পরিশোধের জন্য ক্রেডিট কার্ড লাগবে বলে জানিয়েছে অ্যাপ স্টোর।
ভারতে গুগল এবং অ্যাপল একই দিনে নিজ নিজ অ্যাপ স্টোরে রুপি নেয়ার নীতি চালু করলো। সম্প্রতি ভারতের ডেভেলপারদেরকে তাদের অ্যাপগুলোর জন্য রুপিতে মূল্য নির্ধারণ করার নির্দেশ প্রদান করে গুগল।










